দেশ গড়তে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই: সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি বর্তমান বিশ্বে মুক্ত গণমাধ্যমের তিনটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন। প্রথমত, খবরটি সত্য কি না; দ্বিতীয়ত, সেটি বৃহত্তর জনগণের কল্যাণে আসছে কি না; তৃতীয়ত, সেটি সমাজের কাছে গ্রহণযোগ্য হয়েছে কি না। একই সঙ্গে তিনি বলেন, খবরটি যদি সত্যনিষ্ঠ ও জন-উপকারী হয়ে থাকে তাহলে সমাজে গ্রহণযোগ্য হতে বাধ্য।
গতকাল রোববার সকালে ইয়াঙ্গুন বণিক সমিতি মিলনায়তনে ইস্টওয়েস্ট সেন্টার আয়োজিত এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক প্রাক-সম্মেলন বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় ও বিদেশি সাংবাদিকসহ পাঁচ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে গণতান্ত্রিক সংগ্রামের এই অবিসংবাদিত নেত্রী মিয়ানমার প্রসঙ্গে বলেন, যে দেশটি অফুরন্ত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ছিল, সে দেশটি সবার থেকে পিছিয়ে পড়ার কারণ গণতন্ত্র না থাকা। কয়েক দশকের গণতন্ত্রহীনতার কারণে এখানকার মানুষ দরিদ্র এবং দেশটি সব দিক থেকে পিছিয়ে আছে। এ প্রসঙ্গে তিনি স্বাধীনতা আন্দোলনে তাঁর বাবা অং সানের অবদানের কথাও স্মরণ করেন।
মুক্ত সাংবাদিকতার গুরুত্ব বোঝাতে গিয়ে সু চি বলেন, এর ফলে সরকারের কী দায়িত্ব, সেটি যেমন জনগণ জানতে পারে, তেমনি তারা দেশ গঠনে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারে। সু চির ভাষায় সমৃদ্ধ দেশ গড়তে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই।
তবে মুক্ত গণমাধ্যমের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে মিয়ানমারের বিরোধী দলের নেতা বলেন, স্বাধীনতার সঙ্গে সাংবাদিকদেরও যথেষ্ট দায়িত্বশীল হতে হবে। কেবল দায়িত্বশীল সাংবাদিকতাই গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে। দেশকে নিয়ে যেতে পারে উন্নতির শিখরে।
সাংবাদিকতার বহুমুখী বিপদের কথা উল্লেখ করে সু চি আরও বলেন, মুক্ত সাংবাদিকতার জন্য আইনের শাসন অপরিহার্য। তাঁর মতে, সাংবাদিকতার বাধা যেমন সরকারের পক্ষ থেকে আসে, তেমনি আসে করপোরেট হাউস ও বাণিজ্যিক বলয় থেকেও। কেননা অর্থ ছাড়া গণমাধ্যম প্রকাশ করা যায় না।
এসবের বিরুদ্ধে লড়তে সাংবাদিকদের সত্যের প্রতি অবিচল থাকার পরামর্শ দিয়ে অং সান সু চি বলেন, রাজনীতিকদের দৃষ্টি পরবর্তী নির্বাচনের প্রতি আর জনগণের দৃষ্টি থাকে পরবর্তী প্রজন্মের প্রতি।
স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির জয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও ক্ষমতাসীনেরা সেই সুযোগ তাদের দেবে কি না, সন্দেহ আছে। যদিও মিয়ানমারের পার্লামেন্টের স্পিকার ও ক্ষমতাসীন ইউএসপি বা ইউনাইটেড সলিটারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতারা বলছেন, নির্বাচনের ফল যাই হোক, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।
মিয়ানমারের উজ্জ্বল ভবিষ্যতের কথা উল্লেখ করে সু চি বলেন, ‘গণতন্ত্রহীনতার কারণে আমরা আগে পিছিয়ে ছিলাম। এখন গণতন্ত্রের পথেই আমাদের সামনে এগোতে হবে।’
বক্তৃতার পর প্রশ্নোত্তর পর্বে মিয়ানমারের সংখ্যালঘু জনগোষ্ঠীর সমস্যার প্রসঙ্গে সু চি বলেন, মুক্ত গণমাধ্যম ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই এ সমস্যার সমাধান করা যাবে। তাঁর কাছে আরেকটি প্রশ্ন ছিল, সামাজিক গণমাধ্যমের দায়বদ্ধতা নিয়ে। জবাবে নোবেলবিজয়ী এই রাজনীতিক বলেন, সামাজিক গণমাধ্যমের দায় কোনো অংশে কম নয়।
তবে বাংলাদেশের এক সাংবাদিকের প্রশ্ন সময় স্বল্পতার অজুহাতে এড়িয়ে যান তিনি।
এই অধিবেশনে ইস্টওয়েস্ট সেন্টারের সভাপতি চার্লস ই মরিসন বক্তব্য দেন। এ ছাড়া দুই সাবেক মার্কিন ফার্স্ট লেডি লরা বুশ ও হিলারি ক্লিনটনের বক্তব্য ভিডিও বার্তার মাধ্যমে শোনানো হয়। তাঁরা উভয়ে মিয়ানমারে সু ফাউন্ডেশনে তাঁদের সহযোগিতার কারণ ব্যাখ্যা করে বলেন, জনগণের মৌলিক ও মানবাধিকার রক্ষায় এই সংস্থা কাজ করছে বলেই তাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় মুক্ত গণমাধ্যম সম্মেলনের মূল অধিবেশন কাল শুরু হবে এবং এতে ৩২টি দেশ থেকে তিন শতাধিক সাংবাদিক যোগ দিচ্ছেন।