দেশকে বেহাল রেখে যাইনি, শিগগিরই ফিরব: চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীরবতা ভেঙেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ (৫৭)। গত সোমবার ভিটিভি টেলিভিশনকে টেলিফোনে বলেছেন, ক্যানসারের চিকিৎসায় কিউবায় থাকাকালে তিনি দেশকে বেহাল অবস্থায় ফেলে যাননি। শিগগিরই তিনি দেশে ফিরবেন। ক্যানসারের চিকিৎসায় চাভেজ বর্তমানে কিউবার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে জল্পনা-কল্পনা চলছে। ঠিক এমন সময় তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে এই কথা বললেন। তিনি টেলিভিশনে প্রায় আধা ঘণ্টার ভাষণ দেন। এ সময় রেডিয়েশন চিকিৎসা, চিকিৎসকের পরামর্শে তাঁর বিশ্রাম নেওয়া—সব বিষয় নিয়ে কথা বলেন।চিকিৎসার জন্য চাভেজ ভালোভাবে দেশ পরিচালনা করতে পারছেন না বলে বিরোধীরাও দাবি করে আসছেন। চাভেজ বলেন, ‘আমিই রাষ্ট্র চালাচ্ছি। রাষ্ট্রপ্রধান হিসেবে আমি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করছি। কিন্তু এই ভিন্ন পরিস্থিতিতে আমি কিছুদিন দেশের বাইরে থাকব। আমি অচিরেই ফিরে আসব।’ক্যানসারের চিকিৎসা নিতে কিউবা যাওয়ার পর গত এক সপ্তাহে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে চাভেজকে দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে দেশটির বিরোধীরা দাবি করেন, তিনি সঠিকভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন না। ভেনেজুয়েলা পরিচালিত হচ্ছে টেলিফোন বা টুইটারের মাধ্যমে। রয়টার্স ও এএফপি