মিসরের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটিকে ‘অন্ধকার সুড়ঙ্গে’ ঠেলে দেওয়ার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। বাহিনীর পক্ষ থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও সরকারবিরোধীদের সংলাপে বসে যত দ্রুত সম্ভব উদ্ভূত সংকট মোচনের আহ্বান জানানো হয়।এক বিবৃতির মাধ্যমে গতকাল শনিবার সেনাবাহিনী এ আহ্বান জানায়। মিসরে মুরসিবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো সেনাবাহিনী এ বিষয়ে বক্তব্য দিল। বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব হলো সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জানমাল রক্ষা করা। এই দায়িত্ব পালনে তারা সচেষ্ট থাকবে।এদিকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যানের পর শুক্রবার রাতভর বিরোধীরা রাজধানী কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভ করেছেন। গতকালও তাঁরা প্রাসাদের কাছে অবস্থান নিয়েছিলেন। তবে বিক্ষোভ দমনে যেকোনো সময় সেনা মোতায়েন করা হতে পারে। বিষয়টি মুরসির সিদ্ধান্তের অপেক্ষায় আছে। বিরোধী নেতারা জানান, প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করে জারি করা ডিক্রি ও খসড়া সংবিধানের ওপর পার্লামেন্টের ভোটাভুটির বিষয়ে কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন মুরসি। তবে একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট শর্তসাপেক্ষে ভোটাভুটি স্থগিত করতে পারেন। এরই মধ্যে মিসরের নির্বাচন কমিশন বিদেশে বসবাসরত মিসরীয়দের পরিকল্পিত ভোটগ্রহণ স্থগিত করেছে। গতকাল শনিবার এই ভোট নেওয়ার কথা ছিল। কমিশন বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই ভোটগ্রহণ স্থগিত করা হয়। মিসরের আইন অনুসারে প্রেসিডেন্টের কাছে খসড়া সংবিধান উপস্থাপনের দুই সপ্তাহ পর অবশ্যই তার ওপর গণভোট হতে হবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা দিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হতে পারে। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট মুরসি শিগগিরই এ বিষয়ে অনুমোদন দেবেন। রাষ্ট্রনিয়ন্ত্রিত আল আহরাম পত্রিকার খবরে এ কথা বলা হয়েছে। খবরে বলা হয়, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায়’ পার্লামেন্টে একটি আইনি পদক্ষেপের অনুমোদন দেওয়া হয়েছে। এই পদক্ষেপের আওতায় প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের নির্দেশ দেবেন। একই সঙ্গে তাদের গ্রেপ্তারের ক্ষমতাও দেওয়া হতে পারে। তবে কবে থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে, সে বিষয়ে খবরে কিছু বলা হয়নি। বিবিসি ও রয়টার্স।