দেশজুড়ে বেসামরিক মহড়া চালাল দক্ষিণ কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া গতকাল বুধবার দেশজুড়ে বেসামরিক প্রতিরক্ষা মহড়া চালিয়েছে। দেশটি এ পর্যন্ত যত মহড়া চালিয়েছে, তার মধ্যে গতকালের মহড়াটি ছিল সবচেয়ে বড়। প্রতিবেশী উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ও নানা উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে কোরীয় উপত্যকায় উত্তেজনা বাড়ার মধ্যে দক্ষিণ কোরিয়া ওই মহড়া চালাল।দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, গতকাল স্থানীয় সময় দুপুর দুইটার দিকে বিপদ সংকেত বাজিয়ে ১৫ মিনিট স্থায়ী ওই মহড়া শুরু হয়। সংকেত বাজার সঙ্গে সঙ্গে রাজধানী সিউলসহ বিভিন্ন শহরের রাস্তার যানবাহন থেমে যায়। লোকজন দ্রুত বিমান হামলা থেকে রক্ষার জন্য তৈরি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়। আকাশে চক্কর দিতে শুরু করে ১২টি জঙ্গি বিমান। এ সময় সব বিদ্যালয়ের ক্লাস বন্ধ হয়ে যায়। শিক্ষার্থী ও শিক্ষকেরা আশ্রয়কেন্দ্রে ঢুকে পড়েন। রাস্তা ও ফুটপাতগুলো দৃশ্যত থমকে যায়। এ মহড়া চলাকালে বাড়িঘরের বাসিন্দাদের গ্যাস ও বিদ্যুতের সুইচ বন্ধ করে ভূগর্ভস্থ কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়। বহুতল ভবনের বাসিন্দাদের লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করতে বলা হয়। ভূগর্ভ দিয়ে চলাচলকারী ট্রেন ও অন্যান্য গাড়িকে গতি কমিয়ে আনতে বলা হয়।বিমান হামলা থেকে নাগরিকদের রক্ষার জন্য দক্ষিণ কোরিয়া ২৫ হাজার ৭২৪টি আশ্রয়কেন্দ্র তৈরি করেছে। গতকালের মহড়া চলাকালে এসব আশ্রয়কেন্দ্রে ঠিক কতজন আশ্রয় নিয়েছিল, তা সঠিকভাবে জানা যায়নি।দক্ষিণ কোরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ১৯৭৫ সালে বেসামরিক নিরাপত্তা আইন পাস হওয়ার পর এই প্রথম দেশজুড়ে এ ধরনের মহড়া চালানো হলো।গত ২৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার ইয়েনপিয়ং দ্বীপে উত্তর কোরিয়া ব্যাপক গোলাবর্ষণ করে। তাতে চারজন প্রাণ হারায়। ওই হামলার পর দুই কোরিয়ার মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এএফপি।