ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ গতকাল রোববার চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্র রওনা দিয়েছেন। এর আগে তীব্র গণ-আন্দোলনের মুখে পদত্যাগ না করলেও তিনি তাঁর সহকারীর কাছে ক্ষমতা হস্তান্তর করেন। দেশ ছাড়ার আগে গত ৩৩ বছরের শাসনামলে সংঘটিত ত্রুটিবিচ্যুতির জন্য তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।প্রেসিডেন্ট সালেহর এই আপাত দেশত্যাগকে ইয়েমেনের রাজনৈতিক সংকট প্রশমনে দেশটির উপসাগরীয় প্রতিবেশী দেশ ও যুক্তরাষ্ট্রের কয়েক মাস ধরে চালানো কূটনৈতিক প্রচেষ্টার কিঞ্চিত সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। প্রায় বছরজুড়ে চলা সহিংসতার সুযোগ নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার জঙ্গিরা আরব বিশ্বের দরিদ্রতম দেশটিতে তাদের অভিযান জোরদার ও এর বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।বিশ্লেষকদের মতে, ইয়েমেনের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে সালেহর ভূমিকা এখনই শেষ হয়ে যাওয়ার কোনো লক্ষণ তাঁরা দেখছেন না। দেশত্যাগের আগে প্রেসিডেন্ট সালেহ বলেছেন, বিদেশ থেকে ফিরে আসার পর আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত তিনি তাঁর দল জেনারেল পিপলস কংগ্রেসের (জিপিসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।পদত্যাগের জন্য দেশের অভ্যন্তরে ব্যাপক বিক্ষোভ আর সহিংসতা অবসানে আন্তর্জাতিক চাপের মুখে গত নভেম্বরে সালেহ নিজেকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো থেকে মুক্তির শর্তে ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরে এক চুক্তিতে সই করেন। কিন্তু এই দৃশ্যের আড়ালে এখনো পর্যন্ত তিনি যেভাবে ক্ষমতা ব্যবহার করে চলেছেন, তাতে তিনি চুক্তি লঙ্ঘন করে ক্ষমতা আঁকড়ে থাকার পাঁয়তারা চালাচ্ছেন বলে অভিযোগ দানা বাঁধছে। তবে চিকিৎসার জন্য হলেও তাঁর দেশ ছাড়ার বিষয়টি এ চুক্তিকে সামনের দিকে এগিয়ে নিতে পারে, এমনটি মনে করা হচ্ছে। এএফপি।