দেশবাসীর প্রতি প্রার্থনার আহ্বান ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের উত্তর সিয়াটলের অসো শহরে একটি জাতীয় সড়কে ভূমিধসে নিহতদের জন্য প্রার্থনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজধানী হেগে এক সংবাদ সম্মেলনকালে তিনি এই আহ্বান জানান। ওবামা পারমাণবিকবিষয়ক ৩৫ জাতির এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান উপলক্ষে নেদারল্যান্ডসে রয়েছেন।
গত শনিবার ক্যাসকেড পর্বতমালার পাদদেশে ওই ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত ১৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। জরুরি বিভাগের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। এখন পর্যন্ত ১৭৬ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে। তবে গতকাল নতুন করে আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি।
স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান ট্রেভিস হটস বলেন, ভূমিধসে ধারণার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ওয়াশিংটন রাজ্য পুলিশের কর্মকর্তা মার্ক ফ্রান্সিস বলেন, পাহাড়ি ভারী বৃষ্টিপাতের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে। বিবিসি, রয়টার্স।