দেশে গৃহযুদ্ধ, নির্বাচনে বাশার

গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশ সিরিয়ায় গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ তবে পুরো দেশ নয়, ভোটের এই আয়োজন সীমাবদ্ধ ছিল শুধু সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই৷ এ নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা৷ এর পরও বাশারই বিশাল ব্যবধানে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে৷ খবর এএফপি, রয়টার্স ও বিবিসির৷
বাশার সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ বিদ্রোহী যোদ্ধা ও নির্বাসনে থাকা বিরোধী রাজনীতিকদের পাশাপাশি পাশ্চাত্য ও উপসাগরীয় আরব দেশগুলোর অনেকে এ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে৷ তাদের মতে, তিন বছর ধরে গৃহযুদ্ধ চলা দেশটির অনেক এলাকা এখন সরকারের নিয়ন্ত্রণে নেই৷ যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে দেশ ছেড়েছে৷ এমন পরিস্থিতিতে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না৷
সিরিয়ার স্থানীয় সময় গতকাল সকাল সাতটায় সরকারের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে ভোট গ্রহণ শুরু হয়৷ শেষ হয় ১২ ঘণ্টা পর৷ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভোট দিতে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন মানুষ৷ পাশাপাশি অসংখ্য মানুষকে সিরিয়ার পতাকা ও ৪৮ বছর বয়সী নেতা বাশারের ছবি হাতে দেখা যায়৷ রাজধানী দামেস্কর একটি কেন্দ্রে প্রথম ব্যক্তি হিসেবে ভোট দেন হুশাম আল-দিন আল আওস৷ কে জিততে পারেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ৷’

নির্বাচনে বাশারের বিরুদ্ধে দুজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন৷ তাঁদের কেউই পরিচিত মুখ নন৷ সাবেক মন্ত্রী হাসান আল-নুরি বা পার্লামেন্ট সদস্য মাহের হাজার কেউই তেমন ভোট পাবেন না বলে মনে করা হচ্ছে৷ তবে গত অর্ধশতাব্দীর মধ্যে এই প্রথম সিরিয়াবাসী প্রেসিডেন্ট পদে প্রার্থী বাছাইয়ের সুযোগ পেলেন৷ কারণ, দেশটিতে গত যে সাতটি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা মূলত গণভোট৷ বাশার বা তাঁর বাবা হাফিজ আল-আসাদকে প্রেসিডেন্ট পদে অনুমোদন করতে ওই গণভোট হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে কোনো প্রার্থী ছিলেন না৷ হাফিজ কখনোই ৯৯ শতাংশের কম ভোট পাননি৷ আর তাঁর ছেলে বাশার সাত বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে ভোট পান ৯৭ দশমিক ৬ শতাংশ৷
এবারের নির্বাচনে বিপুল হারে ভোট পড়ার মাধ্যমে বিশ্বকে একটি ‘রাজনৈতিক বার্তা’ দেওয়া হবে—গত সোমবার রাতে এ মন্তব্য করেন সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান জোয়াবি৷ তিনি বলেন, ‘সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলো (বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যায়িত করে থাকে সিরীয় সরকার) হুমকি-ধমকি বাড়িয়ে দিয়েছে৷ কারণ তারা (ভোটারদের উচ্চহারে) অংশগ্রহণকে ভয় পায়৷’
বর্তমানে বিদ্রোহীদের দখলে থাকা এবং লড়াই অব্যাহত থাকা এলাকাগুলোতে কোনো ভোট গ্রহণ হয়নি৷ বিদ্রোহী যোদ্ধারা ভোট বাধাগ্রস্ত করার হুমকি দেওয়ায় এবং পশ্চিমাদের সমর্থিত মূল বিরোধী গ্রুপ ন্যাশনাল কোয়ালিশন ভোট বর্জনের আহ্বান করায় ওই এলাকাগুলোতে কোনো ব্যালট বাক্সও পেঁৗছায়নি৷ কোয়ালিশন নেতা আহমেদ আল-জারবা এই নির্বাচনকে ‘সিরীয়দের রক্তে লেখা নাট্যশালা’ বলে আখ্যায়িত করেন৷
১৯৭০ সাল থেকে আসাদ পরিবারের শাসনে থাকা সিরিয়ায় গণতান্ত্রিক সংস্কারের দাবিতে প্রথম বিক্ষোভ শুরুর তিন বছর পর এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো৷ আরব বসন্ত হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যজুড়ে অন্যান্য দেশের আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে ২০১১ সালের মার্চ মাসে ওই বিক্ষোভ শুরুর পর বাশার সরকার তা কঠোর হাতে দমন শুরু করে৷ একপর্যায়ে তা গৃহযুদ্ধে রূপ নেয়৷ প্রতিবেশী লেবাননের জঙ্গি গ্রুপ হিজবুল্লাহ, ইরানসহ মিত্রদের সমর্থন নিয়ে বাশার বাহিনী সিরিয়ার মধ্য এলাকার নিয়ন্ত্রণ এখনো ধরে রাখতে পারলেও উত্তর ও পূর্বাঞ্চলীয় বিস্তৃত এলাকা এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে৷ মানবাধিকারকর্মীদের হিসাবে, গৃহযুদ্ধে প্রাণহানির সংখ্যা এক লাখ ৬০ হাজার ছাড়িয়েছে৷ উদ্বাস্তু হয়েছে ২০ লাখের বেশি মানুষ৷