দেশে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার উত্তরাঞ্চলের দেশগুলোতে সন্ত্রাসবাদ, দ্বন্দ্ব এবং শাসকদের অপসারণের মতো ঘটনা বেড়েছে। অন্যদিকে আফ্রিকার পূর্বাঞ্চলের দেশগুলোতে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। যুক্তরাজ্যভিত্তিক ঝুঁকি বিশ্লেষক প্রতিষ্ঠান ম্যাপলক্রফট গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে আড়াই বছরের বেশি সময় ধরে সহিংসতা চলতে থাকা মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। এর পরই রয়েছে দক্ষিণ এশিয়ার যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। ঝুঁকির তালিকায় শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হচ্ছে যথাক্রমে সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, ইয়েমেন, লিবিয়া, দক্ষিণ সুদান ও ইরাক। মিসরকে এ তালিকার ১৫তম স্থানে রাখা হয়েছে। প্রতিবেদনে সিরিয়া, মিসর ও লিবিয়া সম্পর্কে বলা হয়েছে, এ দেশগুলোর সাম্প্রতিক পরিস্থিতি ‘এখন এত খারাপ’ যে, কয়েক বছরের মধ্যে ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়, আরব বসন্তের তিন বছর পরও মধ্যপ্রাচ্য ও আফ্রিকার উত্তরাঞ্চলের ৬০ শতাংশের বেশি দেশে ব্যাপক রাজনৈতিক সহিংসতা দেখা গেছে।

ম্যাপলক্রফট ৫২টি সূচক ধরে ১৯৭টি দেশের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক অস্থিতিশীলতা বেড়ে যাওয়ায় বাংলাদেশ, বেলারুশ, চীন, কাজাখস্তান, সৌদি আরব ও ভিয়েতনামে সামাজিক অস্থিরতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে ম্যাপলক্রফটের বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক স্বাধীনতা কমে যাওয়া, রাজনৈতিক অবস্থান বিবেচনায় ধরপাকড়, বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ঠুরতা, খাদ্যের মূল্যবৃদ্ধি ও নিম্নমানের কাজের পরিবেশের কারণে এসব দেশে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রাজনৈতিক স্বাধীনতা এবং সামাজিক অর্জনগুলোর মধ্যে ব্যবধান বাড়ছে। বাহরাইন, আজারবাইজান ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে রাজনৈতিক স্বাধীনতা ও সামাজিক অর্জনগুলোর মধ্যে ব্যবধান বাড়ায় দেশগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা বাড়ছে।

ভারত, উগান্ডা ও ফিলিপাইনসহ বেশ কয়েকটি দেশ গত কয়েক বছরের রাজনৈতিক সহিংসতা কমিয়ে আনতে সক্ষম হয়েছে বলে ম্যাপলক্রফটের এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভারত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় এবার ৪৭তম অবস্থানে রয়েছে। আগেরবার এ অবস্থান ছিল ২৬তম। উগান্ডা ২৯তম থেকে এবার ৫০তম এবং ফিলিপাইন ১৯তম থেকে এবার ৩৫তম অবস্থানে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে আরব বসন্ত শুরুর আগে রাজনৈতিক স্বাধীনতা ও সামাজিক অর্জনের ক্ষেত্রে লিবিয়া, তিউনিসিয়া, মিসর ও সিরিয়ার মতো কয়েকটি দেশে সবচেয়ে বেশি ব্যবধান ছিল। পরের বছর এসব দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়। কোনো কোনো দেশে গণ-অভ্যুত্থানে শাসকগোষ্ঠীর পতন হয়।

ভিয়েতনামে শাসকগোষ্ঠী সামাজিক গণমাধ্যম নিয়ন্ত্রণ করার মাধ্যমে বাকস্বাধীনতা খর্ব করছে, যা দেশটির একটি অংশকে ক্ষুব্ধ করে তুলছে। এ কারণে ওই দেশে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ম্যাপলক্রফটের জ্যেষ্ঠ বিশ্লেষক শার্লট ইংহাম বলেন, ‘রাজনৈতিক স্বাধীনতা খর্ব করা হলে যেকোনো দেশ স্বল্প বা দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার মুখে পড়ার আশঙ্কা থাকে।’ সিএনএন।