দেশে না ফেরার খবর নাকচ করলেন পারভেজ মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনী বাড়তি নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানানোয় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দেশে ফেরার পরিকল্পনা বাতিল করেছেন বলে যে খবর বেরিয়েছে, তা তিনি প্রত্যাখ্যান করেছেন। মোশাররফ বলেছেন, তিনি কখনোই সেনাবাহিনীকে এ ধরনের অনুরোধ করেননি এবং তাঁর দেশে ফেরার পরিকল্পনা এখনো অটুট আছে। যুক্তরাজ্যে স্বেচ্ছায় নির্বাসিত মোশাররফ গতকাল মঙ্গলবার এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, দেশে ফেরার পর আল-কায়েদা ও তালেবান গোষ্ঠীর সম্ভাব্য হামলা থেকে রক্ষা পেতে পারভেজ মোশাররফ পাকিস্তানের সেনাবাহিনীর কাছে আগেভাগেই বাড়তি নিরাপত্তার আবেদন জানান। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বালুচ জাতীয়তাবাদী নেতা নওয়াব আকবার বুগতি হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি সেনাবাহিনীকে সরকারের ওপর প্রভাব খাটানোরও অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেনাবাহিনী তাঁর এসব অনুরোধ নাকচ করে দেওয়ায় তিনি দেশে ফেরার পরিকল্পনা বাতিল করেছেন।তবে মোশাররফ এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, ‘আমার দেশে ফেরার পরিকল্পনা পুরোপুরি অপরিবর্তিত আছে। আমার কোনো বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই।’এদিকে মোশাররফের দল অল পাকিস্তান মুসলিম লীগের (এপিএমএল) মুখপাত্র ফুয়াদ চৌধুরী বলেছেন, ‘সময় হলেই মোশাররফ দেশে ফিরবেন। কবে নাগাদ দেশে ফেরা তাঁর জন্য ভালো হবে, সেটা আমরা ঠিক করব।’মোশাররফ এর আগে একাধিকবার বলেছেন, ২০১৩ সালের নির্বাচনে এপিএমএলের নেতৃত্ব দিতে তিনি পাকিস্তানে ফিরবেন। তবে ঠিক কবে ফিরবেন, সে বিষয়ে তিনি মুখ খোলেননি। পিটিআই অনলাইন।