দেশে ফিরলেন স্ত্রস-কান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কান গতকাল রোববার দেশে ফিরেছেন। নিউইয়র্কের এক নারী হোটেলকর্মীর যৌন হয়রানির মামলা থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়ার পর তিনি এই প্রথম প্যারিসে গেলেন।স্ত্রস-কান ও তাঁর স্ত্রী আন সিনক্লেয়ার এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে পৌঁছান।শার্ল দ্য গলে পৌঁছার পর বিপুলসংখ্যক পুলিশ সদস্য স্ত্রস-কান দম্পতিকে ঘিরে রাখেন। এ সময় তাঁরা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। কালো একটি পিজো গাড়িতে তাঁদের দ্রুত প্যারিসের একটি অভিজাত এলাকার অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। গত শনিবার রাতে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বিমানে ওঠেন স্ত্রস-কান। সেখানে তাঁকে দেখার পর সাংবাদিকদের মধ্যে সম্ভাব্য গন্তব্য নিয়ে গুঞ্জন চলে।ধর্ষণচেষ্টার অভিযোগ খারিজ হয়ে যাওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশে ফিরলেন আইএমএফের সাবেক প্রধান।ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার আগ পর্যন্ত ফরাসি রাজনীতিক স্ত্রস-কানকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হতো, তবে এ ঘটনা তাঁর রাজনৈতিক ক্যারিয়ারকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। অভিশংসকেরা বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে স্ত্রস-কানের মামলা খারিজ করে দেওয়ার আহ্বান জানালে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। এএফপি।