দেশে ফিরে গেল ৫০ হাজার ইথিয়োপিয় শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি দূতাবাসের বাইরে বিক্ষোভরত ইথিয়োপিয় শ্রমিকেরা। ছবি: আল জাজিরা
সৌদি দূতাবাসের বাইরে বিক্ষোভরত ইথিয়োপিয় শ্রমিকেরা। ছবি: আল জাজিরা

সৌদি আরব থেকে ৫০ হাজার অবৈধ ইথিয়োপিয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রায় এক মাস আগে থেকে সৌদি কর্তৃপক্ষ দেশটিতে কর্মরত বাংলাদেশসহ বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে।
ইথিয়োপিয়ার পররাষ্ট্রমন্ত্রী টেড্রস আদহানম আজ বৃহস্পতিবারে আল-জাজিরাকে জানান, সৌদি আরব থেকে গত রাত পর্যন্ত এক লাখ ৬২০ জন অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, রিয়াদের বিতাড়ন শিবিরে আটক সকল ইথিয়োপিয় নাগরিককে দেশে ফেরত আনা হয়েছে।
এর আগে সৌদি কর্তৃপক্ষ অবৈধ শ্রমিকদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিনা মুফতি শ্রমিকদের দেশে পাঠানোর পুরো প্রক্রিয়াটিকে ‘এখন পর্যন্ত সফল’ হিসাবে দাবি করেছেন। দিনা আরও বলেন, অবৈধ শ্রমিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে গত ১৩ নভেম্বর থেকে। কিন্তু পুরো কাজ শেষ হতে আরও কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।
সৌদি আরবের অবৈধ শ্রমিকদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বেঁধে দেয়া সময় গত মাসে শেষ হয়েছে। এরপর থেকে অবৈধ শ্রমিকদের সঙ্গে সৌদি পুলিশের ভয়ংকর সংঘাত ঘটে। ইথিয়োপিয় সরকারের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, গত কয়েক মাস ধরে চলে আসা সংঘাতে তিন জন ইথিয়োপিয় নাগরিক মারা গেছে। সৌদি সরকার বলছে, অবৈধ শ্রমিকদের বিক্ষোভ করার কোন অনুমতি নেই।
গণমাধ্যমের হিসাব অনুযায়ী, গত সপ্তাহে সৌদি আরব থেকে ১১ হাজার সুদানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।