দেশে ফিরে শুভেচ্ছায় সিক্ত চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসার চিকিৎসার জন্য কিউবায় কয়েক সপ্তাহ কাটিয়ে দেশে ফেরার পর লাখো জনতার শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। প্রেসিডেন্ট প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে তিনিও ভক্তদের শুভেচ্ছার জবাব দিয়েছেন। গত শনিবার তাঁকে বিপুলভাবে এ সংবর্ধনা দেওয়া হয়।প্রেসিডেন্ট চাভেজের দেশে ফিরে আসা উদ্যাপন করতে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। কিন্তু কার্যত তা এক নির্বাচনী সমাবেশে পরিণত হয়। এতে উপস্থিত বিপুলসংখ্যক ভক্ত ও জনতার উদ্দেশে তিনি আবেগঘন বক্তব্য দেন। চাভেজ তাঁর বক্তৃতায় ৭ অক্টোবর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে আবার জয়ী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি তাঁর সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ও স্বভাবসুলভ ভঙিমায় বিরোধীদের কটাক্ষ করেন।নিজের শারীরিক অবস্থা সম্পর্কে ভক্তদের উৎকণ্ঠার জবাবে প্রেসিডেন্ট চাভেজ বলেন, নতুন করে ক্যানসারের হুমকি ঠেকাতে তিনি সামনের দিনগুলোতে রেডিয়েশন থেরাপি শুরু করতে যাচ্ছেন। এপি।