দেশে ফিরেছেন রমনি রানিং মেট বেছে নিতে পারেন শিগগিরই
ছয় দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি। চলতি মাসের মাঝামাঝিতে তিনি একটি বাস সফর করবেন। এর মাধ্যমে রমনি শিগগিরই তাঁর রানিং মেট বেছে নেবেন বলে অনুমান করা হচ্ছে। রিপাবলিকান দলের প্রার্থী রমনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ যুক্তরাজ্য, ইসরায়েল ও পোল্যান্ড সফর শেষে মঙ্গলবার রাতে দেশে ফেরেন। দেশে ফিরেই তিনি নতুন উদ্যোমে কাজ শুরু করে দিয়েছেন। আজ বৃহস্পতিবার কলোরাডোতে তাঁর অন্তত দুটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা।রমনির নির্বাচনী প্রচারণা দল জানিয়েছে, এরপর ১০ আগস্টের দিকে তিনি একটি বাস সফর শুরু করবেন। নির্বাচনের জন্য যে অঙ্গরাজ্যগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়, সেগুলোতে তিনি এই বাস সফর করবেন। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরটি চার দিনব্যাপী হতে পারে। এ সময় রমনি ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডা অঙ্গরাজ্য সফর করবেন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে লড়াইয়ে রমনি কাকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বেছে নিচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। তাই রিপাবলিকান দলের সম্মেলনের আগে ওই বাস সফরকে রমনির রানিং মেট নির্বাচনের একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এএফপি।