দেশের জন্য আরও ত্যাগ স্বীকারে প্রস্তুত উইনি ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা বলেছেন, দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা অর্জনে তাঁকেও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল। তাই দেশের স্বাধীনতা সমুন্নত রাখতে ‘আবারও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি।’
যুক্তরাজ্যভিত্তিক আইটিভি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন উইনি ম্যান্ডেলা। তিনি বলেন, ‘আমাদের কঠিন লড়াই করতে হয়েছিল। বিনিময়ে স্বাধীন দক্ষিণ আফ্রিকা পেয়েছিলাম, এর চেয়ে বড় পুরস্কার আর কিছু নেই। স্বাধীনতাকে সমুন্নত রাখতে আমাকে পুরোনো সেসব দিনে ফিরে যেতে হবে। শতবার লড়াই করব আমি।’
ম্যান্ডেলার সঙ্গে সবচেয়ে সুখের স্মৃতির কথা জানাতে গিয়ে উইনি বলেন, ‘আমরা একসঙ্গে অল্প সময়ই কাটিয়েছিলাম। বলতে গেলে আমাদের একত্রে বাস হয়নি। কয়েক মুহূর্তমাত্র। কিন্তু সেই সময় ছিল অমূল্য। আমরা তখন পরস্পরের মধ্যে বিলীন হয়েছিলাম।’
উইনি বলেন, ‘ম্যান্ডেলাকে ভালোবাসার অবসর কমই পেয়েছিলাম। কারণ তাঁকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। পরে ২৭ বছরের কারাদণ্ড, দীর্ঘ বিচ্ছেদ। আমরা বাস্তবে পরস্পরকে ভালোবাসার সুযোগ কমই পেয়েছিলাম। সাদা কাগজের ওপর কালো অক্ষরে চিঠি লিখে লিখে আমাদের সেই ভালোবাসার স্বাদ মেটাতাম।’
৫ ডিসেম্বর ম্যান্ডেলার মৃত্যুর পর এখন তিনিই পরিবারের প্রধান বলে দাবি করেন উইনি। তিনি আরও বলেন, ‘কিছু পাওয়ার জন্য নয় বরং এটাই ঐহিত্যবাহী অধিকার।’
ম্যান্ডেলার রাজনৈতিক উত্তরাধিকার মনে করেন কি না জানতে চাইলে উইনি বলেন, ‘না, বলতে চাই না যে আমি তাঁর রাজনৈতিক পদের উত্তরাধিকারী।’ আইটিভি।