দেশের নিরাপত্তা বিধান করা সবার দায়িত্ব: চিদাম্বরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার (এনসিটিসি) প্রতিষ্ঠার পরিকল্পনার বিরোধিতার মধ্যেই দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, দেশের নিরাপত্তা বিধান করা রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়ের দায়িত্ব। গতকাল শনিবার পশ্চিমবঙ্গে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) কেন্দ্রের উদ্বোধনের সময় চিদাম্বরম তাঁর বক্তব্যে এ কথা বলেন। তবে চিদাম্বরম তাঁর বক্তব্যে এনসিটিসি বিতর্কের কোনো উল্লেখ করেননি এবং জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনার বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ব্যাপারেও কিছু বলেননি। ওই অনুষ্ঠানে মমতার থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সেখানে যাননি। অবশ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায় সেখানে উপস্থিত ছিলেন। চিদাম্বরম তাঁর বক্তব্যে বলেন, ‘দেশের নিরাপত্তা বিধান করা রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়ের দায়িত্ব। ভারতের সংবিধান বাইরের আগ্রাসন ও অভ্যন্তরীণ সংঘাত থেকে দেশকে রক্ষার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়কেই আইন ও শৃঙ্খলা বিধান করার অধিকার দিয়েছে।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সংবিধানের প্রতিষ্ঠাতা জনকেরা সংবিধান প্রণয়নের সময় ৩৫৫ নম্বর অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আর সে জন্যই তাঁরা জাতীয় ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিধানের জন্য সবাইকে দায়িত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও বিদ্রোহ মোকাবিলায় রাজ্যগুলোর সঙ্গে আমার কাজ করার দায়িত্ব রয়েছে।’কেন্দ্রীয় সরকারের এনসিটিসি প্রতিষ্ঠার পরিকল্পনায় জাতীয় কংগ্রেসের প্রতি সমর্থন দেননি এমন কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা সরব হয়েছেন। কংগ্রেস জোটের শরিক তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতাও এই দলে শামিল হয়ে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে যোগ দিয়েছেন। পিটিআই।