দেশের নিরাপত্তায় উচ্চাভিলাষী পরিকল্পনা চিদাম্বরমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬/১১-এর ঘটনা ভারতবাসীর কাছে এখন একটি ভয়াল স্মৃতি হয়ে আছে। ২০০৮ সালের ওই দিনটিতে বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বিখ্যাত তাজ ও ওবেরয় হোটেল, রেলস্টেশন ও হাসপাতালসহ কয়েকটি স্থানে একযোগে জঙ্গিরা তিন দিন ধরে তাণ্ডব চালায়। ওই হামলায় মারা যায় কমপক্ষে ১৬৬ জন সাধারণ নাগরিকসহ মোট ১৭৫ জন। ওই ঘটনা তখন গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তির অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাকে ওই ঘটনা বড় প্রশ্নের মুখে ঠেলে দেয়। প্রশ্নবিদ্ধ করে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বকেও। ওই ঘটনার পর থেকেই ভারত নিজেদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা-নাগাসাকিতে আণবিক বোমা হামলা, কিংবা এর বহু বছর পর ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার ভয়ংকর স্মৃতির মতো ২৬/১১-এর মুম্বাই হামলা ভারতবাসীর মনে চিরকালের জন্য একটি ভয়াবহ স্মৃতি হয়ে থাকবে।ওই ভয়ংকর ঘটনা ঘটার পর থেকে ভারত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। নানাভাবে তারা দেশের নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করার পথ খুঁজছে। এমন ভাবনা থেকেই সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম নিরাপত্তাবিষয়ক একটি সেমিনারে দেশের নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর কথা বলেছেন। তাঁর প্রস্তাবিত নতুন ওই পরিকল্পনায় নিরাপত্তাব্যবস্থাকে দেশের আমলাতান্ত্রিক জটিলতার বেড়াজাল থেকে বের করে আনার কথা বলা হয়েছে। তিনি এমন একটি সংস্থা গড়ে তোলার কথা বলেছেন, যার কাঠামো হবে সব ধরনের রাজনৈতিক ও সরকারি হস্তক্ষেপমুক্ত। যেখানে সিদ্ধান্ত গ্রহণে কারও ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় থাকতে হবে না। একটি মাত্র নির্দেশেই ওই সংস্থা সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমন করবে। কেবল দমনই নয়, ওই সংস্থা স্বাধীনভাবে যেকোনো সন্ত্রাসী কার্যক্রমের তদন্ত ও প্রতিরোধে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করবে। মোট কথা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘লালফিতা’র দৌরাত্ম্য থেকে দেশের নিরাপত্তাব্যবস্থাকে বের করে নিয়ে আসার চেষ্টা করছেন চিদাম্বরম। চিদাম্বরম তাঁর স্বপ্নের ওই নতুন সংস্থার নাম দিয়েছেন জাতীয় সন্ত্রাসবিরোধী সংস্থা বা ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার (এনসিটিসি)। চিদাম্বরমের পরিকল্পনা, আধুনিক পৃথিবীর সন্ত্রাসী তত্পরতা প্রতিরোধে স্বয়ংসম্পূর্ণ স্বায়ত্তশাসিত একটি সংস্থা হিসেবে গড়ে উঠবে এনসিটিসি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় যে সিদ্ধান্তহীনতার উদ্ভব হয়, তা থেকে রক্ষায় ওই সংস্থাকে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে উপযোগী করে গড়ে তোলা হবে। সরকারি ও রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই অভিজ্ঞ সেনা অথবা পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ওই প্রতিষ্ঠানের মূল নির্বাহী কার্যক্রম পরিচালিত হবে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে দীর্ঘদিনের বিদ্রোহ দমনে থাকবে এর বিশেষ কার্যক্রম। অনেকটা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিসের আদলে গড়ে উঠবে ওই সংস্থা। চিদাম্বরমের স্বপ্ন বাস্তবায়ন হলে নিরাপত্তাব্যবস্থায় ভারতের সনাতনি আমলাতান্ত্রিক কাঠামো চিরবিদায় নেবে। এনসিটিসি ভারতের নিরাপত্তা উপদেষ্টার ক্ষমতাকেও খর্ব করবে। বর্তমানে নিরাপত্তা উপদেষ্টার অধীনে যৌথ গোয়েন্দা কমিটি (জেআইসি), ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন (এনটিআরও), এভিয়েশন রিসার্চ সেন্টার (এআরসি), গোয়েন্দা ব্যুরো (আইবি) প্রভৃতি সংস্থা সরাসরি কাজ করছে। চিদাম্বরমের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী এসব সংস্থা আর নিরাপত্তা উপদেষ্টার অধীনে থাকবে না। শুধু তাই নয়, এতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও ভূমিকা হয়ে যাবে গৌণ। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে গোয়েন্দা ব্যুরোর পরিচালক, আধাসামরিক বাহিনী, জাতীয় নিরাপত্তা বাহিনী (এনএসজি), জাতীয় গোয়েন্দা তদন্ত সংস্থা (এনআইএ) এবং নিরাপত্তাবিষয়ক যৌথ টাস্কফোর্স। কিন্তু চিদাম্বরমের পরিকল্পনা বাস্তবায়িত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেবল তদারক সংস্থার দায়িত্ব পালন করবে। কারণ, তখন নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত ভারতের সব সংস্থা এনসিটিসির অধীনে কাজ করবে। প্রস্তাবিত সংস্থা সম্পর্কে অনেক বিশেষজ্ঞ অবশ্য আশাবাদী হতে পারছেন না। তাঁরা বলছেন, ওই সংস্থা অতিরিক্ত কাজের ভারে ন্যুব্জ হয়ে পড়বে। তা ছাড়া ভারতের মতো গণতান্ত্রিক দেশে এ ধরনের একটি সংস্থা গঠন করতে পুরো প্রশাসনিক কাঠামোর খোলনলচে বদলানোর দরকার পড়বে। এতে লোকসভা ও বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অনুমোদনও দরকার হবে। মন্ত্রিসভায় পর্যাপ্ত আলাপ-আলোচনারও প্রয়োজন রয়েছে ওই পরিকল্পনা বাস্তবায়নে।তবে যে যাই বলুন, ভারতের নিরাপত্তা নিয়ে চিন্তিত চিদাম্বরম চাইছেন দেশের নিরাপত্তাকাঠামোকে একটি শক্তিশালী ভিত্তি দিতে। এখন ভারতবাসী অপেক্ষায় আছে চিদাম্বরম তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন কি না, তা দেখার জন্য। ইন্ডিয়া টুডে অবলম্বনে নাইর ইকবাল