
যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা এবং পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থিতার লড়াইয়ে এগিয়ে আসার বিষয়ে বিচারমন্ত্রী মাইকেল গোভ বলেছেন, দেশের প্রয়োজনে ‘সঠিক’ কাজ মনে করেই তিনি এ পদক্ষেপ নিয়েছেন, উচ্চাকাঙ্ক্ষার জন্য নয়।
গোভ আরও বলেন, ওই পদের জন্য বরিস জনসন ‘যোগ্য ব্যক্তি’ নন বলে সিদ্ধান্তে পৌঁছানোর পর তাঁর মন বলেছে, নিজেরই এগিয়ে যাওয়া উচিত। তিনি নির্বাচিত হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিকদের অবাধ যাতায়াত বন্ধ করে যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা কমাবেন। এ ছাড়া স্বাস্থ্যসেবা খাতে প্রতি সপ্তাহে বাড়তি ১০ কোটি পাউন্ড খরচ করবেন।
তবে ঐক্যের স্বার্থে গোভকে নেতৃত্বের প্রার্থিতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের অনেকে। মাইকেল গোভ লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনের প্রতি সমর্থন জানিয়েও শেষ মুহূর্তে তা প্রত্যাহার করেন।
টেরেসা মে গতকাল পর্যন্ত দলের আইনপ্রণেতাদের কাছ থেকে বেশি সমর্থন পেয়ে এগিয়ে ছিলেন। দলীয় নেতা পদে অন্য প্রার্থীরা হলেন স্টিফেন ক্র্যাব, লিয়াম ফক্স এবং অ্যান্ড্রিয়া লিডসন। প্রথম দফা ভোটাভুটির আগে ওই পাঁচ প্রার্থী মঙ্গলবার পর্যন্ত কনজারভেটিভ পার্টির ৩২৯ জন এমপির ভোট পাওয়ার চেষ্টা করবেন।
২৩ জুনের গণভোটে যুক্তরাজ্যের প্রায় ৫২ শতাংশ ভোটার ইইউ জোট ত্যাগের পক্ষে রায় দিয়েছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ভোটারদের জোটে থাকতে রাজি করাতে ব্যর্থতার দায় স্বীকার করে অক্টোবরের মধ্যে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
জোট ত্যাগ প্রক্রিয়া নিয়ে মতানৈক্য: এদিকে যুক্তরাজ্যের ইইউ ত্যাগের আলোচনা প্রক্রিয়া কীভাবে এগোনো উচিত, তা নিয়ে দেশটির সঙ্গে ইইউর রাজনীতিকদের ইতিমধ্যে মতানৈক্য ঘটেছে। ইইউর বাণিজ্য কমিশনার সিসিলিয়া মালমস্ট্রম বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে বলেছেন, আনুষ্ঠানিকভাবে জোট ত্যাগের আগে যুক্তরাজ্য দুই পক্ষের মধ্যে বাণিজ্যের শর্ত নিয়ে আলোচনা শুরু করতে পারে না। কিন্তু হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রার্থী লিয়াম ফক্স ভিন্নমত পোষণ করে ওই অভিমতকে ‘অদ্ভুত ও বোকামিপূর্ণ’ বলে আখ্যা দেন।