দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন সাদ্দামের সৎভাই
ইরাকে বাথ পার্টির একনায়কতান্ত্রিক শাসনের জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির সাবেক শাসক সাদ্দাম হোসেনের সৎভাই ওয়াতবান ইব্রাহিম হাসান আল-তিকরিতি। তিনি বলেছেন, ওই সময়কার দমন-পীড়নের মূল হোতা ছিলেন সাবেক উপপ্রধানমন্ত্রী তারিক আজিজ।১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর শিয়াদের বিদ্রোহ দমন করতে সাদ্দামের আমলে যে কঠোর দমন-পীড়ন চালানো হয়েছিল, এখন তার বিচার হচ্ছে বিশেষ আদালতে। এই বিচারের সময় আদালতে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন ওয়াতবান।বিশেষ আদালতের মুখপাত্র মোহাম্মদ আবদুল শাহাব জানিয়েছেন, ওয়াতবান গত বুধবার আদালতে ক্ষমা চেয়েছেন। তবে বিষয়টি গত রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়েছে। সাদ্দামের ঘনিষ্ঠজনদের মধ্যে ওয়াতবান প্রথম ব্যক্তি, যিনি প্রকাশ্যে ক্ষমা চাইলেন।ওয়াতবান বলেন, ‘আমি ইরাকের ইতিহাস নিয়ে বলছি। সাদ্দাম হোসেনের আমলে নিপীড়ক ও নিপীড়িত দুই-ই ছিল। এখন সাদ্দাম হোসেন নেই, আমি খোলামেলা কথা বলতে পারি।’ওয়াতবান আরও বলেন, ‘বাথ পার্টির আচরণ এমন ছিল যে দেশ শাসনের একক কর্তৃত্ব তাদের। দলের নেতারা দেশের মানুষ ও সম্পদ নিয়ে এমনভাবে খেলেছে, যেন তারা যা চায় তা-ই করতে পারে।’১৯৯৫ সালে সাদ্দামের বড় ছেলে উদয়ের গুলিতে মারাত্মকভাবে আহত হন ওয়াতবান। ২০০৩ সালের ১৩ এপ্রিল সিরিয়ায় পালিয়ে যাওয়ার সময় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে আটক হন তিনি। ১৯৯২ সালে ৪২ জন ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় জড়িত থাকার দায়ে গত বছরের মার্চে ওয়াতবানকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এএফপি।