ইউরোপের সংকট মোকাবিলায় ইউরো জোনভুক্ত দেশগুলোর সমন্বিত নতুন চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাজ্য। এর প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, দেশের স্বার্থপরিপন্থী বলে যুক্তরাজ্য চুক্তিতে সম্মতি দেয়নি। এ ঘটনায় ইউরোপজুড়ে ক্যামেরনের ব্যাপক সমালোচনা হচ্ছে।ব্রিটিশ প্রধানমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ইউরো-সংকট মোকাবিলায় নতুন চুক্তিটি যুক্তরাজ্যের জন্য সন্তোষজনক নয় বলে আমি মনে করি; তাই চুক্তিতে আমরা আগ্রহী হইনি।’ এ ছাড়া ইইউয়ের সদস্যপদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সব সময় বলেছি; দেশের স্বার্থ বজায় রেখে সদস্যপদ বহাল রাখতে কোনো বাধা নেই।’ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ক্যামেরনই প্রথম, যিনি কোনো ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) স্বার্থসংশ্লিষ্ট চুক্তি থেকে সরাসরি যুক্তরাজ্যকে বাইরে রাখলেন। এই চুক্তিতে সম্মতি দিয়েছে ইউরো জোনভুক্ত ১৭টি দেশ এবং সামনে আরও ছয়টি নতুন দেশ এতে যুক্ত হবে, যেখানে যুক্তরাজ্যকে অনেকটা একঘরে অবস্থায় রেখে আগামী মার্চের মধ্যে চুক্তির বাকি কাজ সম্পন্ন হবে। ইউরোপে সংবাদমাধ্যমগুলো ক্যামেরনের এই নীতির ব্যাপক সমালোচনা করছে। জার্মানির ডের স্পিগেল পত্রিকা এক নিবন্ধে লিখেছে, মার্গারেট থ্যাচারের আমল থেকেই ইইউয়ের অধিক ঐক্য বা ইউরো মুদ্রার ব্যাপারে ব্রিটিশ রক্ষণশীল দলের কোনো সদিচ্ছা ছিল না।