দেহরক্ষীর গুলিতে পাঞ্জাবের গভর্নর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসির গতকাল মঙ্গলবার ইসলামাবাদে দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন। ব্লাসফেমি আইনের বিরোধিতা করার কারণে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তাসির পাকিস্তানের ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন জ্যেষ্ঠ সদস্য। ইসলামাবাদের একটি জনপ্রিয় বাজার এলাকায় তাঁর ওপর গুলি চালানো হয়।রাজনৈতিকভাবে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের গভর্নর সালমান তাসির তালেবান ও অন্যান্য ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে খোলাখুলি কথা বলতেন। সম্প্রতি তিনি বিতর্কিত ব্লাসফেমি আইনের বিরুদ্ধেও কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, হত্যাকারী তাসিরের নিজের দেহরক্ষী। হামলাকারী নিজের অপরাধ স্বীকার করেছেন।মালিক বলেন, হামলাকারী স্বীকার করেছেন যে তিনি নিজে গভর্নরকে হত্যা করেছেন। কারণ, গভর্নর ব্লাসফেমি আইনকে কালো আইন হিসেবে অভিহিত করেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, হামলাকারী দোষ স্বীকার করেছেন এবং হামলার পর পুলিশের কাছে অস্ত্র সমর্পণ করেছেন।সংবাদদাতারা বলছেন, তাসির পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যু পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতায় নতুন মাত্রা যোগ করবে।পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইফতিখার বলেন, কোহসার মার্কেটে তাঁর ওপর গুলি চালায় দেহরক্ষী।ইসলামাবাদের এই মার্কেটটি বিদেশি ও বিত্তবান পাকিস্তানিদের কাছে জনপ্রিয়।স্থানীয় প্রশাসনের প্রধান আমির আহমদ আলী বলেন, গুলিতে আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি সেখানে মারা যান।শওকত নামের এক শ্রমিক বলেন, ‘আমি তখন মার্কেটে ছিলাম। আমি গুলির আওয়াজ শুনলাম। পরে আমি যখন আশ্রয়ের সন্ধানে দৌড়াচ্ছিলাম, তখন দেখলাম উর্দিধারী এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। পরে পুলিশ কর্মকর্তারা বলেছেন, তিনিই ছিলেন হামলাকারী।’পুলিশ ও সন্ত্রাসবিরোধী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন এবং হামলার পর মার্কেট বন্ধ করে দেওয়া হয়। এএফপি ও বিবিসি।