দোনেৎস্ক অভিযান শুরু করেছে ইউক্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সরকারি বাহিনী।ওই এলাকায় মালয়েশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর সরকার এই পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক তদন্তকারীরা মরদেহ পরীক্ষা করতে গতকাল ওই এলাকায় পৌঁছেছেন।খবর এএফপি ও আল-জাজিরার।
বিচ্ছিন্নতাবাদীদের একজন নেতা গতকাল সোমবার জানান, সরকারি বাহিনী বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি দোনেৎস্ক শহরে ঢোকার চেষ্টা করছে। শহরটির রেলস্টেশনের আশপাশে গতকাল ব্যাপক সংঘর্ষ হয়েছে। বেসামরিক লোকজন ওই এলাকা থেকে পালিয়ে যাচ্ছে। ওই এলাকায় মালয়েশিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এটাই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।
রুশপন্থী এক বিদ্রোহী জানান, ইউক্রেনের সরকারি বাহিনী গতকাল স্থানীয় সময় বেলা ১০টার (গ্রিনিচ মান সময় সকাল সাতটা) দিকে ওই রেলস্টেশনের কাছের একটি এলাকায় তাঁদের অবস্থানে হামলা চালায়। ভোলোদাইয়া নামের ওই যোদ্ধা বলেন, তারা (সরকারি বাহিনী) ওই স্টেশনের প্রায় দুই কিলোমিটার দূরের একটি এলাকায় এসে পড়ে।
স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের বাইরে বের না হতে সতর্ক করে দেয়। লড়াইয়ের সময় স্টেশনটির কাছের একটি বিপণিবিতানে আগুন ধরে যায় বলেও জানানো হয়। বিদ্রোহীদের দুটি ট্যাংকও দোনেৎস্ক শহরের রেলস্টেশনের দিকে রওনা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইউক্রেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র অভিযানের খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে অগ্রগতি হয়েছে। তবে এর বেশি কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ ১৭ গত বৃহস্পতিবার দোনেৎস্ক শহর থেকে প্রায় ৪০ মাইল দূরের একটি এলাকায় বিধ্বস্ত হয়। এতে ২৯৮ আরোহীর সবার মৃত্যু হয়। এর মধ্যে ১৮৯ জনই ছিলেন নেদারল্যান্ডসের নাগরিক। দেশটির তিনজন বিশেষজ্ঞ গতকাল দোনেৎস্ক পৌঁছেছেন। তাঁরা মরদেহগুলো শনাক্ত করতে ঘটনাস্থলের কাছের একটি রেলস্টেশনে যাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে একটি হিমায়িত ওয়াগনে ২৫১টি মরদেহ ও মানবদেহের ৮৬টি অংশ রাখা আছে।