দেড় শ বছরে রেডক্রস
রেডক্রস অনেক পথ পেরিয়ে তাদের ১৫০ বছর পূর্তি পালন করছে। সংস্থাটি জানিয়েছে, আধুনিক যুদ্ধে অত্যাধুনিক সমরাস্ত্রের ব্যবহার ও কৌশল তাদের কার্যক্রমকে অনেক বেশি বাধা ও হুমকির মুখে ফেলে দিয়েছে। সংস্থাটির প্রধান পিটার মায়্যুরার বলেছেন, সম্প্রতি সিরিয়ায় সংঘটিত মানবতার বিপর্যয়ে তাঁরা কাজ চালাতে বাধার সম্মুখীন হচ্ছেন। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে অনেক যুদ্ধে জেনেভা কনভেনশন মানা হচ্ছে না। ১৮৬৩ সালের ইতালির সলফেরিনো যুদ্ধে মাত্র একজন সাধারণ মানুষ আহত হয়েছিল। কিন্তু বর্তমানে যুদ্ধে ৯০ শতাংশই সাধারণ মানুষ হতাহত হয়। বর্তমানে যুদ্ধের ভয়াবহতা ও সেবায় বাধাপ্রাপ্ত হওয়ার কারণ সম্পর্কে নিত্যনতুন যুদ্ধাস্ত্র ও একই এলাকায় অনেক সামরিক গোষ্ঠীর উপস্থিতি দায়ী বলে মনে করে সংস্থাটি। উল্লেখ্য, ১৮৬৩ সালে সুইজারল্যান্ডের জেনেভার ব্যবসায়ী হেনরি ডুনান্টের উদ্যোগে রেডক্রস প্রতিষ্ঠিত হয়। তিনি ইতালির উত্তরাঞ্চলের সলফেরিনো যুদ্ধক্ষেত্রে আহত যোদ্ধাদের অসহায়তা উপলব্ধি করেন। আহত যোদ্ধাদের কষ্ট নিয়ে লেখেন ‘এ মেমোরি অফ সলফেরিনো’। আহত যোদ্ধাদের চিকিৎসা করতে তিনি একটি সংস্থার কথা পরিকল্পনা করেন। তারই পরিকল্পনার ফসল আজকের রেডক্রস। বর্তমানে রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি একসঙ্গে নিয়ে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস । বিশ্বের ৯২টি দেশে সংস্থাটির ১৩ হাজার কর্মী কাজ করছেন। বিবিসি।