দৈনিক ক্ষতি ৩১ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান সরকারবিরোধী বিক্ষোভে মিসরের দৈনিক ক্ষতির পরিমাণ কমপক্ষে ৩১ কোটি ডলার। ফ্রান্সভিত্তিক ক্রেডিট অ্যাগ্রিকোল ব্যাংকের এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।ব্যাংকটির অর্থনীতিবিদেরা বলছেন, মোবারকবিরোধী এ বিক্ষোভের কারণে চলতি বছর মিসরের প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ থেকে কমে ৩ দশমিক ৭ হতে পারে। মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে গত ১২ দিন ধরে দেশটির নানা স্থানে বিক্ষোভ চলছে। বিক্ষোভের কারণে দেশটির ব্যাংক ও শেয়ারবাজার বেশ কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। এ ছাড়া প্রধান শহরগুলোর অনেক শিল্প-কারখানাও বন্ধ রাখা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এ সংকটের কারণে দ্রব্যমূল্যও বৃদ্ধি পাবে। তা ছাড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দেশটির পর্যটন খাত। মিসরে পর্যটন মৌসুমের এখন মাঝামাঝি সময়। আগামী মে মাস পর্যন্ত এ মৌসুম স্থায়ী হবে। সহিংস বিক্ষোভের কারণে দেশটিতে অবস্থানরত অনেক পর্যটকই ইতিমধ্যে মিসর ছেড়ে গেছেন। অনেক দেশ তাদের নাগরিকদের মিসর ভ্রমণের ব্যাপারে নিরুৎসাহিত করছে। এ ছাড়া চরম অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক বিদেশি বিনিয়োগকারী মিসরে তাঁদের কার্যক্রম স্থগিত রেখেছেন। ফলে প্রতিদিনই মিসরকে গুনতে হচ্ছে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি। বিবিসি।