দোভাষী ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোনে বিদেশিদের সঙ্গে মাতৃভাষায় কথা বলতে আর বেগ পেতে হবে না জাপানিদের। এখন এই ফোনই দোভাষীর কাজ করবে। ফোনের দুজনের কথা তাৎক্ষণিক ইংরেজি, মান্দারিন ও কোরীয় ভাষায় অনূদিত হবে। এমনই সুখবর দিয়েছে জাপানের সবচেয়ে বড় মুঠোফোন নেটওয়ার্ক এনটিটি ডেকোমো।ধরা যাক, একজন জাপানি নাগরিক ইংরেজি জানেন না। তিনি টেলিফোনে এমন একজনের সঙ্গে কথা বলছেন, যিনি ইংরেজি, কোরীয় কিংবা মান্দারিন জানেন কিন্তু জাপানি ভাষা তাঁর জানা নেই। এই দুজনের মধ্যে টেলিফোনে কথোপকথন চালিয়ে যাওয়া কি সম্ভব? এনটিটি বলছে, আলবৎ সম্ভব। তাঁরা মাতৃভাষায় কথা বলবেন, আর বিশেষ সফটওয়্যার তা অনুবাদ করে দুজনের কানে পৌঁছে দেবে নিজ নিজ ভাষায়। এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ করতে সামান্য বিরতি নেওয়া হবে। তবে সব কথারই ঠিক ঠিক অনুবাদ সম্ভব না-ও হতে পারে। শুধু কণ্ঠস্বরই নয়, কথোপকথনের একটি লিখিত রূপও পাওয়া যাবে।এনটিটি ডকোমো চলতি মাসের শুরুর দিকে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তাদের হানাশিতে হোনইয়াকু অ্যাপের প্রদর্শনীর আয়োজন করে। ১ নভেম্বর থেকে ফোনের কথা অনুবাদের এই সুবিধা দেওয়া হবে। প্রাথমিকভাবে মুঠোফোন ব্যবহারকারীরা জাপানি, ইংরেজি, মান্দারিন ও কোরীয় ভাষায় পরস্পরের ভাববিনিময় করতে পারবেন। নভেম্বরের শেষ দিকে এর সঙ্গে যোগ হবে ফরাসি, জার্মান, ইন্দোনেশীয়, ইতালি, পর্তুগিজ, স্প্যানিশ ও থাই ভাষা। মুঠোফোন কোম্পানিটি বলছে, তাদের সফটওয়্যার ব্যবহার করে যেকোনো স্মার্টফোন ব্যবহারকারীদের কথা দ্রুত ও নির্ভুলভাবে বিভিন্ন ভাষায় অনুবাদ করা সম্ভব হবে। আরও সুবিধা নিয়ে আসছে ফ্রান্সের অ্যালকাটেল-লুসেন্ট কোম্পানি। এই প্রতিষ্ঠানের প্রযুক্তি দিয়ে জাপানি, ইংরেজি, ফরাসি ও আরবিসহ ডজন খানেক ভাষায় ফোনের কথোপকথন নিমেষেই অনূদিত হবে। বিবিসি।