দোলাচলে দক্ষিণ আফ্রিকা


দক্ষিণ আফ্রিকার মানুষ গতকাল শুক্রবার ঘুম থেকে জেগে উঠেছেন ম্যান্ডেলাবিহীন। যাঁকে তাঁরা অভিভাবকের মতো মনে করেন, সেই মানুষটি চলে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ নিয়ে তাঁদের ভাবতে হবে। তাঁর মৃত্যুর পর তাই আশা-নিরাশার দোলাচলে তাঁরা। কেউ কেউ আশঙ্কা করছেন, বর্ণবাদবিরোধী এই মহানায়কের চিরবিদায়ে দেশে আবার বর্ণবাদের দুর্যোগ নেমে আসবে। ফলে সামাজিক উত্তেজনা বাড়বে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিবৃতিতে প্রিয় নেতার চিরবিদায়ের সংবাদটি শুনেছেন দেশের মানুষ। শোকাচ্ছন্ন হয়েই গতকাল তাঁদের কাজে যোগ দিতে হয়।
ম্যান্ডেলার অবর্তমানেও দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ ফিরে আসতে পারবে না—দেশটির রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের এই দৃঢ় আশ্বাসবাণীও যেন কারও কারও অস্বস্তি দূর করতে পারছে না। গতকাল টেম্বিসা শহরতলি থেকে জোহানেসবার্গে কাজে যোগ দিতে যাচ্ছিলেন শ্যারন কুবেকা (২৮)। তিনি বলেন, ‘পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে না। আমার মনে হয়, দেশ চরম বর্ণবাদের দিকে এগিয়ে যাচ্ছে। ম্যান্ডেলাই ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি সবকিছুই ঐক্যবদ্ধ রাখতে পেরেছিলেন।’
দক্ষিণ আফ্রিকার মানুষ এমন সময় প্রিয় নেতাকে হারালেন, যখন দেশে রক্তাক্ত শ্রমিক অস্থিরতা, দারিদ্র্য, অপরাধ ও বেকারত্ব বৃদ্ধির মতো বিষয়গুলো মাথাচাড়া দিয়ে উঠছে। ম্যান্ডেলার লড়াইয়ে বর্ণবাদের অবসানের পর দক্ষিণ আফ্রিকার শাসকদের এমন অভিজ্ঞতা এই প্রথম।

অনেকেই আজকের দক্ষিণ আফ্রিকার অর্থনীতিকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় অর্থনীতির দেশ বলে মনে করেন। তবে আদর্শ, সামাজিক শান্তি ও সমৃদ্ধি থেকে দক্ষিণ আফ্রিকা এখনো বেশ দূরে।
জোহানেসবার্গের আলেক্সান্দ্রা শহরতলির বাসিন্দা জোসেফ এনকোসি (৩৬) বলেন, ‘আমি বাবাকে হারানোর শোক অনুভব করছি। ম্যান্ডেলাকে আমি এমন একজন মানুষ ভাবতাম, যিনি আমার দেখাশোনা করতেন।’
জোসেফ এনকোসি আরও বলেন, ‘মাদিবার অবর্তমানে আমার আর কোনো সুযোগ থাকল না। এখন ধনীরা আরও ধনী হবে। আমাদের অন্য রাজনীতিবিদদের দিকে তাকান, তাঁরা কেউই মাদিবার মতো নন।’
তবে আশ্বাসবাণী শুনিয়েছেন ম্যান্ডেলার সহযোদ্ধা আর্চবিশপ ডেসমন্ড টুটু। ম্যান্ডেলার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে এক বিবৃতিতে টুটু বলেন, ‘কেউ কেউ ভবিষ্যদ্বাণী করছেন, ম্যান্ডেলার বিদায়ে দক্ষিণ আফ্রিকায় আবার আগুন জ্বলবে—এটা দক্ষিণ আফ্রিকার জন্য কলঙ্কজনক বিষয়, ম্যান্ডেলার উত্তরাধিকারীদের জন্য কলঙ্কের বিষয়।’

তিনি বলেন, ‘কাল আবার সূর্য উঠবে, আগামী পরশু হবে, তার পরদিনও... সূর্যের আভা হয়তো আগের দিনের মতো সমান উজ্জ্বল হবে না, কিন্তু জীবন চলবে।’
ম্যান্ডেলাকে ছাড়াই আগামী বছর প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছে তাঁর দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। দারিদ্র্য, বেকারত্বসহ নানা কারণে এএনসির ওপর ক্ষুব্ধ আফ্রিকার জনগণ। তাই ম্যান্ডেলাকে ছাড়া এএনসি কেমন করবে, সেটা ভাবার বিষয়।

তবে এএনসির সমর্থক চাকরিজীবী টুমি মাতসিদিসো (২৭) বলেন, ‘প্রিয় নেতা ম্যান্ডেলাকে হারানো বেশ কষ্টের। তবে আশা করি, তাঁর অনুপস্থিতিতেও আগামী নির্বাচনে এএনসি ভালো ফল করবে।’
গবেষণা প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপের আফ্রিকাবিষয়ক বিশ্লেষক মার্ক রোজেনবার্গ বলেন, ম্যান্ডেলার বিদায়ে এএনসি জনগণের কাছ থেকে সহানুভূতি পেতে পারে। তবে দীর্ঘ মেয়াদে দলটি ক্ষতির মুখে পড়বে। জনগণের যে অংশ মনে করে, এনএনসি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, ম্যান্ডেলার অনুপস্থিতিতে তারা এএনসিকে প্রত্যাখ্যান করবে। রয়টার্স।