স্বচ্ছ ভাবমূর্তি না দক্ষ সংগঠক, দিল্লির সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে কোনটা বেশি গুরুত্ব পাবে, বিজেপি নেতৃত্ব এখন সে বিষয় নিয়ে দোলাচলে। অবস্থা এমনই যে বিজেপির এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।
প্রধানমন্ত্রী পদে বিজেপি যেমন নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবেও তাদের একজন প্রার্থীকে বেছে নেওয়ার কথা। পছন্দের তালিকায় ঘোরাফেরা করছে দুটি নাম। রাজ্য সভাপতি বিজয় গোয়েল ও হর্ষবর্ধন। বিজয় ছাত্রাবস্থা থেকেই বিজেপির সঙ্গে যুক্ত। দিল্লি থেকে তিনবার লোকসভায় নির্বাচিত হয়েছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা প্রশ্নাতীত।
বিজয় গোয়েলের প্রতিদ্বন্দ্বী হিসেবে হঠাত্ই মাঠে আবির্ভাব হর্ষবর্ধনের। ৫৮ বছরের হর্ষবর্ধনের স্বচ্ছ ভাবমূর্তি এই ভাবনাচিন্তার একটা প্রধান কারণ। তিনি চোখ-কান-নাকের নামকরা চিকিত্সক। দলে যোগ দেন ১৯৯৩ সালে। তিনি একসময় দিল্লি বিজেপির সভাপতি হন। দিল্লির বিধানসভার স্বাস্থ্যমন্ত্রীও হন। তাঁর সময় থেকেই দিল্লিতে পালস পোলিও অভিযান শুরু হয়। টানা পাঁচবার তিনি দিল্লি বিধানসভায় নির্বাচিত হন। একদিকে বিজয় গোয়েলের সাংগঠনিক দক্ষতা, অন্যদিকে হর্ষবর্ধনের স্বচ্ছ ভাবমূর্তি। তাই দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া খুবই কঠিন।