আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে পদ ছাড়তে হবে না। পাঞ্জাব প্রদেশের গভর্নর সরদার লতিফ খোসা এ ঘোষণা দিয়েছেন।পাকিস্তানের সংবাদপত্র ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে গত বৃহস্পতিবার গভর্নর খোসা বলেন, ‘পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে এ ধারণা প্রতিষ্ঠিত যে গিলানির (যদি তিনি দোষী সাব্যস্ত হন) কোনো বিকল্প থাকবে না। তবে দোষী সাব্যস্ত হলেও, গিলানিকে তাঁর পদ থেকে সরে দাঁড়াতে হবে না।’ তবে গভর্নর খোসার বিশ্বাস, আদালত অবমাননার ওই মামলায় গিলানির শাস্তি হবে না। তিনি বলেন, ‘সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং আমি বিশ্বাস করি, এটা (সংবিধান) অনুযায়ীই আদালতে সিদ্ধান্ত হবে।’গভর্নর খোসা দাবি করেন, দেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী গিলানি ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স ৯৯ দশমিক ৯ ভাগ বাস্তবায়ন করেছেন। তিনি বলেন, একমাত্র যে বিষয় বাকি তা হলো, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সুইস কর্তৃপক্ষকে চিঠি দেওয়া। সত্যি বলতে, এ ঘটনায় প্রধানমন্ত্রীকে আদালত অবমানার দায়ে অভিযুক্ত করা যায় না। কারণ, তিনি সংবিধান অনুসরণ করেছেন। সংবিধান প্রেসিডেন্টকে দায়মুক্তি দিয়েছে।’ প্রেসিডেন্টের দায়মুক্তি থাকার বিরুদ্ধে কারও আপত্তি আছে কি না, সে বিষয় পার্লামেন্টে সুরাহা হওয়া উচিত মন্তব্য করে গভর্নর খোসা বলেন, ‘রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অঙ্গের ওপর পার্লামেন্টের কর্তৃত্ব রয়েছে এবং এ বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে।’মেহরানগেট কেলেঙ্কারির বিষয়ে গভর্নর খোসা বলেন, জনগণের প্রত্যাশা, বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে সুরাহা হবে। তিনি বলেন, তবে অনেকেরই প্রশ্ন, মেহরান ব্যাংক কেলেঙ্কারির ওই ঘটনায় যথাক্রমে ৩৫ লাখ রুপি ও ২৫ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান নওয়াজ শরিফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে আদালত এখন পর্যন্ত কোনো নোটিশ দেননি।গভর্নর খোসা অভিযোগ করেন, পিপিপিকে ক্ষমতায় আসা থেকে ঠেকাতেই ১৯৯০ সালের নির্বাচনের আগে ওই অর্থ দেওয়া হয়েছিল। সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ অনুসারে দুই শরিফ রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আর সব সময়ই আদালত তাঁদের অব্যাহতি দিয়েছেন।সিউল সম্মেলনে ওবামার সঙ্গে বৈঠক করবেন গিলানি: প্রধানমন্ত্রী গিলানি আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় পারমাণবিক সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে ওই পাকিস্তানি কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী সিউলে ওই আন্তর্জাতিক সম্মেলনের পাশাপাশি ২৭ মার্চ প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।তবে বৈঠকের বিষয় নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। ডন অনলাইন ও এএফপি।