সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্রের হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে গত শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দেশটিতে এই নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার নিয়ে জাতিসংঘ গত বৃহস্পতিবার একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে সিরিয়ার সরকার রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে সম্মত হওয়ার আগে দেশটিতে অন্তত পাঁচবার এই অস্ত্রের সাহায্যে হামলা চালানো হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে মহাসচিব বান কি মুন বলেন, ‘সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করার বিষয়টির আমি কঠোর নিন্দা জানাচ্ছি। এটি বিশ্বমানবতার বিরুদ্ধে এক অপরাধ।’
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, হামলাকারীরা যাতে আবারও এমন ঘটনা না ঘটাতে পারে এবং এই অস্ত্র কখনো যুদ্ধের উপকরণ হিসেবে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে দোষীদের জবাবদিহির সম্মুখীন করা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।
তবে জাতিসংঘ মহাসচিব বলেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রক্রিয়ার ‘অগ্রগতিতে’ তিনি উৎসাহিত। ২০১৪ সালের প্রথমার্ধের মধ্যে এই অস্ত্র ধ্বংসের কাজ শেষ করতে সিরিয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, তা দেশটি আস্থার সঙ্গে বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের অনুমতি না থাকার কারণে প্রকাশিত ওই প্রতিবেদনে হামলাকারী পক্ষকে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়নি। এএফপি।