দ্বিতীয় দিনটিও নিভৃতে কাটালেন চাভেজ
ভেনেজুয়েলায় আকস্মিক প্রত্যাবর্তনের পর গতকাল বুধবার দ্বিতীয় দিনটিও নিভৃতে কাটিয়েছেন প্রেসিডেন্ট হুগো চাভেজ। ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাসেরও বেশি সময় কিউবায় অবস্থানের পর গত সোমবার তিনি দেশে ফিরেছেন।ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেন, দেশ ফেরার পর প্রেসিডেন্টকে রাজধানী কারাকাসের কার্লোস আভারেলা সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র যাওয়ার পথে কারাকাসে যাত্রাবিরতি করেন। হাসপাতালে হুগো চাভেজের সঙ্গে মোরালেসের দেখা হয়েছে কি না, সে বিষয়টি অবশ্য পরিষ্কার নয়। গত বছরের ১০ ডিসেম্বর ক্যানসার চিকিৎসার জন্য কিউবার উদ্দেশে রওনা দেওয়ার পর থেকে চাভেজকে দেখেনি ভেনেজুয়েলা-বাসী। গত শুক্রবার ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো বিছানায় শুয়ে থাকা চাভেজের ছবি প্রকাশ করা হয়।সরকার বলেছে, শ্বসনতন্ত্রের সংক্রমণের কারণে চাভেজের শ্বাসনালিতে একটি টিউব লাগানো হয়েছিল। তাই তখন তাঁর পক্ষে কথা বলা কঠিন ছিল।চাভেজের অবস্থা সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে জানানো সর্বশেষ খবরে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এতে ধোঁয়াশা বাড়ছে। মানুষ ধারণা করছে, তাঁর অবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে বর্ণিত অবস্থার চেয়ে খারাপ। কারণ, চাভেজের ক্যানসারের ধরন সম্পর্কে সরকার কখনোই পরিষ্কার করে কিছু বলেনি। এএফপি।