দ্বিতীয় দফা বিস্ফোরণের পর সব শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের পাইক রিভার খনিতে গতকাল বুধবার দ্বিতীয় দফা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে, খনিতে প্রথম দফা বিস্ফোরণের পর নিখোঁজ ২৯ জন শ্রমিকেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে নিখোঁজ শ্রমিকদের অবস্থান শনাক্ত করতে খনির ভেতর রোবট পাঠানো হয়। তবে সেখানে মানুষ বেঁচে আছে—এমন কোনো তথ্য পাঠায়নি রোবট। এদিকে শ্রমিকদের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে। অনেকে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করে, পুলিশ ও উদ্ধারকারী দলের আন্তরিকতার অভাবে সবাইকে প্রাণ দিতে হলো।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি এ ঘটনাকে জাতীয় ট্র্যাজেডি বলে উল্লেখ করেন। তিনি আজ বৃহস্পতিবার শ্রমিকদের স্বজনদের সমবেদনা জানাতে খনি এলাকায় যাবেন বলে জানা গেছে।সাউথ আইল্যান্ডের গ্রে মাউথ এলাকার পাইক রিভার কয়লাখনিতে গত শুক্রবার বিস্ফোরণ ঘটে। এতে ওই ২৯ শ্রমিক নিখোঁজ হন। তাঁদের মধ্যে ২৪ জন নিউজিল্যান্ডের, দুই জন অস্ট্রেলিয়ার, দুই জন ব্রিটেনের ও একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক।স্থানীয় মেয়র টনি ককসর্ন জানান, দ্বিতীয় দফার বিস্ফোরণটি প্রথমটির চেয়ে অনেক বেশি ভয়াবহ ছিল। তিনি বলেন, এ ঘটনায় নিখোঁজ শ্রমিকদের স্বজন ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে। আসলে এই মর্মান্তিক ঘটনার কথা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।পুলিশ সুপার গ্যারি নলেস সাংবাদিকদের বলেন, ‘আমাদের ধারণা, দ্বিতীয় দফা বিস্ফোরণের পর নিখোঁজ ২৯ শ্রমিকের সবাই মারা গেছেন। পুলিশ কর্মকর্তা হিসেবে আমার দেখা অন্যতম মর্মান্তিক ঘটনা এটি।’খনির প্রধান নির্বাহী পিটার হুইটল বলেন, উদ্ধারকারীরা আগে থেকেই দ্বিতীয় দফা বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা করছিলেন। এখন বাস্তবতা হলো, সম্ভবত নিখোঁজ শ্রমিকদের কেউই আর বেঁচে নেই।স্থানীয় এমপি ক্রিস অচিনভোলে বলেন, এ ধরনের দুর্ঘটনা এখানে নতুন নয়। ১৯৬৭ সালে খনি দুর্ঘটনায় ১৯ শ্রমিকের মৃত্যু হয়েছিল।’ রয়টার্স, বিবিসি, এএফপি।