দ্বিতীয় দফার জন্য প্রচারণা শুরু ওলন্ড-সারকোজির
ফ্রান্সের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গতকাল সোমবার প্রচারণা শুরু করেন সোশ্যালিস্ট পার্টির প্রার্থী ফ্রাঁসোয়া ওলন্ড ও বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। দুই প্রার্থীরই নজর এখন কট্টর ডানপন্থী ভোটারদের দিকে। এই ভোটাররাই দ্বিতীয় দফায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছেন।গত রোববার অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনের যে প্রায় পূর্ণাঙ্গ দাপ্তরিক ফল পাওয়া গেছে তাতে দেখা যায়, বামপন্থী ওলন্ড ২৮ দশমিক ৬৩ শতাংশ এবং সারকোজি ২৭ দশমিক ০৮ শতাংশ ভোট পেয়েছেন। আর কট্টর ডানপন্থী প্রার্থী মারিন লি পেন ভোট পেয়েছেন ১৮ দশমিক ১ শতাংশ। অভিবাসী ও ইউরোপীয় ইউনিয়নের কট্টর বিরোধী এই নারীর সাফল্য সবাইকে তাক লাগিয়েছে।ওলন্ডের বিজয় ইঙ্গিত দেয়, তিনি নিজেকে পরিষ্কার ভাবমূর্তির নেতা হিসেবে উপস্থাপন করতে পেরেছেন। আর প্রবৃদ্ধিতে মন্থরগতি ও বেকারত্বের উচ্চ হারসহ দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি সারকোজির আশা গুঁড়িয়ে দিয়েছে। প্রথম দফায় কোনো প্রার্থীই নিরঙ্কুশ জয়ী হওয়ার মতো প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ৬ মে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়মানুযায়ী, প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী ওলন্ড ও সারকোজি ওই মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হবেন। দুই প্রার্থীই কট্টর ডানপন্থী ভোটারদের সমর্থন পেতে মাঠে নেমে পড়েছেন।প্রচারণার অংশ হিসেবে ওলন্ড গতকাল উত্তরাঞ্চলীয় শহর কুইম্পারের দিকে রওনা হয়েছেন। প্রথম দফায় জয় পাওয়ার পর তিনি গতকাল সাংবাদিকদের বলেছেন, ভোটের ফলাফলে দেশের জনগণের ক্রোধের প্রতিফলন ঘটেছে। তিনি কট্টর ডানপন্থী সমর্থকদের কথা শুনতে প্রস্তুত।তবে জরিপ বলছে, লি পেনের ভোটারদের মাত্র এক-চতুর্থাংশকে আকৃষ্ট করতে সক্ষম হবেন বামপন্থী ওলন্ড। এই ভোটারদের বেশির ভাগের সমর্থনই পড়বে ডানপন্থী সারকোজির ঝুলিতে। তাঁর নির্বাচনী শিবিরও কট্টর ডানপন্থীদের আস্থা অর্জনে কাজ শুরু করে দিয়েছে। এএফপি।