মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে দুই দিনব্যাপী দ্বিতীয় দফার ভোট গ্রহণ গতকাল শনিবার শুরু হয়েছে। স্থানীয় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে রাত আটটায়। আজ রোববারও একই সময়ে ভোট নেওয়া হবে।মিসরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পাঁচ কোটি ২০ লাখ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা শুরু করেছেন। সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য সারা দেশে ১৩ হাজার ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা ও গোলযোগ এড়াতে মোতায়েন করা হয়েছে চার লাখের মতো সেনা ও পুলিশসদস্য।দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন কট্টরপন্থী ইসলামি সংগঠন মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক সরকারের প্রধানমন্ত্রী আহমেদ শফিক।গত ২৩ ও ২৪ মে প্রথম দফার ভোটে অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে ছিলেন ওই দুই প্রার্থী। প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই এককভাবে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। ফলে, দেশটির নির্বাচনী বিধান অনুযায়ী প্রথম দফার ভোটের ফলাফলে এগিয়ে থাকা শীর্ষ দুই প্রার্থীর মধ্যে একজনকে নির্বাচনের জন্য দ্বিতীয় দফার ভোট হচ্ছে।প্রথম দফার ভোটে প্রথম স্থানে থাকা মোহাম্মদ মুরসি পেয়েছেন মোট ভোটের ২৪ দশমিক ৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা আহমেদ শফিক পেয়েছেন ২৩ দশমিক ৭ শতাংশ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর ২১ জুন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে মিসরের হাইয়ার প্রেসিডেনশিয়াল ইলেকশন কমিশন (এইচপিইসি)। মিসরের ক্ষমতাসীন সামরিক পরিষদ প্রতিশ্রুতি দিয়েছে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির (প্রেসিডেন্ট) কাছে তারা ৩০ জুনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবে।গত বছর মোবারকবিরোধী আন্দোলনে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের অনেকেই ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে ভোটকেন্দ্রে গেলেও ব্যালট নষ্ট করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনের দুই প্রার্থী নিয়ে হতাশা আছে সাধারণ ভোটারদের মধ্যেও।এদিকে ভোট গ্রহণের আগের দিন শুক্রবার আহমেদ শফিক বিশৃঙ্খলার অবসান এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।অপরদিকে মোহাম্মদ মুরসি এক বিবৃতিতে, সাবেক স্বৈরশাসকের প্রতিনিধিকে ব্যালটের মাধ্যমে বিতাড়িত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবিসি, এএফপি।