দ্বিতীয় দফার ভোটে জয়ী হলেন আবদুল্লাহ ইয়ামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে আবদুল্লাহ ইয়ামিন জয়ী হয়েছেন। তিনি দেশটির সাবেক শাসক মামুন আবদুল গাইয়ুমের সৎভাই। আবদুল্লাহ ইয়ামিন পেয়েছেন ৫১ দশমিক ৩ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ পেয়েছেন ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট। সর্বমোট ৯৮ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। গতকাল রাতে দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।


ধারণা করা হয়, ৫৪ বছর বয়সী আবদুল্লাহ ইয়ামিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ৭৫ বছর বয়সী গাইয়ুমই তাঁর দল প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের (পিপিএম) নিয়ন্ত্রণ করেন। গাইয়ুম ৩০ বছর মালদ্বীপের শাসনক্ষমতায় ছিলেন।

এর আগে প্রথম দফার ভোটে সর্বোচ্চ সংখ্যক ৪৭ শতাংশ ভোট পেয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট নাশিদ। দেশটির নিয়ম অনুযায়ী প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশের কম ভোট পেলে আবার ভোট গ্রহণ হয়। বিবিসি ও এএফপি।