দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর খবর জানানো সেই সাংবাদিক আর নেই
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর খবর প্রথম জনসমক্ষে আনা বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক ক্লেয়ার হলিংওর্থ গতকাল মঙ্গলবার হংকংয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। হংকংয়ের দ্য ফরেন করেসপনডেন্টস ক্লাব তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর খবর প্রথম সবার সামনে পরিবেশনের মাধ্যমে হলিংওর্থ বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। তখন তাঁর বয়স মাত্র ২৭ বছর, শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে মাত্র এক সপ্তাহ আগে যোগ দিয়েছেন যুক্তরাজ্যের দ্য ডেইলি টেলিগ্রাফ-এ। খবর সংগ্রহের জন্য একটি গাড়ি ভাড়া করে গেছেন পোল্যান্ড-জার্মান সীমান্তে। ১ সেপ্টেম্বর দেখতে পান পোল্যান্ড সীমান্তের ওপারে শত শত ট্যাংক, সাঁজোয়া যান জড়ো করেছে জার্মান বাহিনী। পোল্যান্ডের দিকে মুখ করে সব যান প্রস্তুত আক্রমণ হানার জন্য। নাৎসি বাহিনীর জঙ্গিবিমান ও ট্যাংক পোল্যান্ড সীমান্তের একটি ছোট্ট শহরে হানা দেওয়ার পরপরই বিষযটি টেলিফোনে জানান পোল্যান্ডে নিযুক্ত ব্রিটিশ দূতাবাসকে। দূতাবাস তাঁর কথা বিশ্বাস করতে চাইছিল না। তখন তিনি ঘরের জানালা খুলে দিয়ে টেলিফোনের অপর প্রান্তকে শোনান জঙ্গিবিমানের গর্জন।