দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন না হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন না। অবসর নেওয়ার পর তিনি লেখালেখি ও শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত থাকতে চান। গত বুধবার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।হিলারি ক্লিনটন বলেন, শীর্ষ মার্কিন কূটনীতিকের দায়িত্ব তিনি উপভোগ করছেন। তবে ওই দায়িত্ব পালন শারীরিকভাবে পরিশ্রান্তিকর।২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লাভের দৌড়ে বারাক ওবামার কাছে হেরে যান হিলারি ক্লিনটন। তাঁর প্রতি টক শো উপস্থাপক টাভিস স্মাইলির প্রশ্ন ছিল, তিনি কি আট বছর দায়িত্ব পালন করবেন? জবাব ছিল, ‘না, সত্যিই আমি পারব না।’টেলিভিশনে প্রচারিত ওই সাক্ষাত্কারে হিলারি ক্লিনটন বলেন, পুরো আট বছর দায়িত্ব পালন করা খুবই চ্যালেঞ্জিং হবে। তিনি বলেন, ‘এটা ২৪ ঘণ্টার দায়িত্ব। মাঝেমধ্যে ভেবেছি, অন্য কারও কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারলে আমি খুশি হব।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আবারও বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। অবসরের পর তিনি ব্যক্তিগত জীবনযাপন করতে চান।হিলারি ক্লিনটন বলেন, ‘অনেক বিষয়ে আমার আগ্রহ আছে। আমি সত্যিই ব্যক্তিগত জীবনে ফিরে যেতে চাই। আমি লেখালেখি ও পড়াশোনা করে সময় কাটাতে চাই। হয়তো শিক্ষকতাও করব। ব্যক্তিগত ভ্রমণেও যেতে পারি। এমন ধরনের কোনো সফর নয়, যেখানে কয়েক শ লোককে আপনি সফরসঙ্গী হিসেবে নিয়ে যাবেন।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, নারীদের অধিকারের জোরালো সমর্থক হিসেবে আজীবন কাজ করে যাবেন তিনি। হিলারি ক্লিনটন বলেন, যেসব সাংবাদিক পররাষ্ট্র মন্ত্রণালয় কাভার করছেন, তাঁদের সঙ্গে কাজ করে তিনি আনন্দিত। তিনি বলেন, তাঁরা খুবই স্বাধীন। সাংবাদিকেরা এমন জটিল বিষয় উপস্থাপন করছেন, যার সঙ্গে তাঁরা প্রতিদিন লড়াই করছেন।হিলারি ক্লিনটন বলেন, অনেক আগেই তিনি বুঝেছেন যে গণমাধ্যমের প্রচারকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, তবে ব্যক্তিগতভাবে নয়। তবে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ের সময় গণমাধ্যমের প্রচার সম্পর্কে নিজের উদ্বেগের কথা স্বীকার করেছেন তিনি। হিলারি বলেন, এত বেশি সমালোচনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না।প্রেসিডেন্ট বারাক ওবামা যে সন্ধ্যায় তাঁর প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন, সেই একই সন্ধ্যায় তাঁর ওই সাক্ষাত্কার প্রচার করা হয়। ওবামার ভাষণের সময় উপস্থিত থাকতে পারেননি হিলারি ক্লিনটন। এএফপি।