রাশিয়ার রাজধানী মস্কোর পাতালরেলে গত ২৯ মার্চের আত্মঘাতী বোমা হামলায় অংশ নেওয়া দ্বিতীয় জনেরও পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মরিয়ম, বয়স ২৮ বছর। তিনি পড়াশোনা করতেন কম্পিউটার বিজ্ঞানে। ইন্টারনেটে প্রকাশিত ছবি দেখে মা-বাবা তাঁকে শনাক্ত করেন। রাশিয়ার একটি পত্রিকা গতকাল রোববার এ খবর জানায়।হামলায় অংশ নেওয়া অন্যজনকে এর আগেই শনাক্ত করা হয়েছে। সে দাগেস্তান প্রদেশের মৃত এক জঙ্গির স্ত্রী। তার বয়স ১৭ বছর।নোভায়া গেজেট পত্রিকার খবরে বলা হয়েছে, মরিয়মের বাবার নাম রাসেল মেগোমেদভ। তিনিও দাগেস্তানের বাসিন্দা। ইন্টারনেটে প্রকাশিত ও মরিয়মের বন্ধুবান্ধবের মোবাইল ফোনের মাধ্যমে পাঠানো ছবি থেকে তিনি মেয়েকে শনাক্ত করেন। মেগোমেদভ পত্রিকাটিকে জানান, ছবি দেখে তিনি ও তাঁর স্ত্রী তাত্ক্ষণিকভাবে তাঁদের মেয়ে মরিয়মকে চিনতে পারেন।মেগোমেদভ জানান, তাঁর স্ত্রী মেয়েকে শেষবারের মতো দেখেন হামলার আগের দিন ২৮ মার্চ। সে সময় মরিয়ম দাগেস্তানের রাজধানী মাখাচকালার একটি মার্কেটে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি মাকে বলেন, বাড়িতে ফেরার পথে তিনি এক বন্ধুর বাসায় যাবেন। মায়ের সঙ্গে এটাই ছিল তাঁর শেষ কথা। মেয়ের সঙ্গে এরপর তাঁদের আর কোনো দেখা বা কথা হয়নি। মরিয়মের বাবা আরও জানান, ইন্টারনেটের ছবিতে তাঁরা মেয়ের পরনে যে স্কার্ফ দেখেছেন, মায়ের সঙ্গে শেষ দেখার সময় তাঁর পরনে লাল রঙের ওই একই স্কার্ফ ছিল।মেগোমেদভ জানান, তিনি মেয়ের মধ্যে কখনো চরমপন্থাজাতীয় কিছু দেখেননি, এমনকি তাঁর মধ্যে কখনো কোনো অস্বাভাবিক আচরণও লক্ষ করেননি। এএফপি।