দ্বীপ নিয়ে বিরোধের জেরে জাপানবিরোধী বিক্ষোভ চীনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের তিনটি শহরে গতকাল শনিবার জাপানবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। চীনের পূর্বাঞ্চলে বিতর্কিত দুটি দ্বীপ নিয়ে দুই দেশের মধ্যকার পুরোনো বিরোধের জের ধরে এ বিক্ষোভ হয়েছে। দেশটির সরকারি গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বিক্ষোভের কথা জানিয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বিক্ষোভকারীরা বিতর্কিত দ্বীপগুলোতে চীনের মালিকানা দাবি করে স্লোগান দেয় ও এসব দ্বীপ থেকে জাপানি পণ্য বর্জনের দাবি জানায়।জিয়ান, চেনগু ও ঝেংঝু—এ তিন শহরে বিক্ষোভে হাজার হাজার লোক অংশ নেয়। শান্তিপূর্ণ এ বিক্ষোভে পুলিশের কড়া নজরদারি ছিল। বেইজিং ও টোকিওর কূটনৈতিক সম্পর্কে গত মাসে টানাপোড়েনের সৃষ্টি হয়। বিতর্কিত দ্বীপের কাছে চীনা এক জেলেকে জাপানি সেনারা আটক করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের রাজধানী ঝেংঝুতে ১০ হাজার লোক বিক্ষোভ করেছে। ‘দ্বীপ রক্ষা করো’ ও ‘জাপানি পণ্য বর্জন করো’ বলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। তবে সেখানে সহিংস ঘটনা ঘটেনি। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের রাজধানী চেনগুতে বিক্ষোভ করেছে অন্তত দুই হাজার লোক। সেখানকার বিক্ষোভকারীরাও একই স্লোগান দেয়। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শানজির রাজধানী জিয়ানের বিক্ষোভে অংশ নেয় কলেজের শিক্ষার্থীরা। তারাও একই দাবি জানিয়েছে। এর আগে গত মাসে একই ধরনের বিক্ষোভ হয়েছে রাজধানী বেইজিংয়ে। পুলিশ ওই বিক্ষোভ দমন করে। চীনা মালিকানাধীন হিসেবে পরিচিত দিয়াওয়ু ও জাপানের মালিকানাধীন হিসেবে পরিচিত সিনকাকু দ্বীপ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছে। কিন্তু দুটি দেশই দ্বীপগুলোর মালিকানা দাবি করছে। এএফপি।