দ্রুত গলছে মেরু অঞ্চলের বরফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত গলছে মেরু অঞ্চলের বরফ। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বরফ গলে শেষ হতে কয়েক হাজার বছর লাগবে। এখন তাঁদের সেই ধারণা পাল্টেছে। নতুন তথ্যের বরাত দিয়ে বিজ্ঞানীরা দাবি করছেন, জমাট বরফের তলদেশের কাছাকাছি এলাকায় উষ্ণতা তুলনামূলকভাবে অনেক বেড়ে গেছে। এতে ২১০০ সালের মধ্যে এত বেশি বরফ গলবে যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তিন থেকে ছয় ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাত্র তিন ফুট বেড়ে গেলেও বিশ্বের বহুদেশের উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হবে বলেবিজ্ঞানীদের দাবি।বিজ্ঞানীরা হুঁশিয়ার করে বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে বিশ্বের অনেক দেশের উপকূলীয় অঞ্চলে ঘন ঘন বন্যা দেখা দেবে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও উপসাগরীয় এলাকার কিছু অংশ ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। উপকূলীয় বন্যা নিয়মিত আঘাত হানবে নিউইয়র্কের কিছু অংশে। কুইনস ও ব্রুকলিনের কিছু অংশও রয়েছে এই হুমকির মুখে। মায়ামির ১৫ শতাংশ নগর প্লাবিত হবে।সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে এর বিরূপ প্রভাব পড়বে লন্ডন, কায়রো, ব্যাংকক, ভেনিস ও সাংহাইয়ের মতো বিখ্যাত শহরগুলোর ওপর।একদল জলবায়ু বিজ্ঞানী মনে করছে, গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ গলে যাওয়ার ব্যাপারে এই আশঙ্কা একটু বাড়াবাড়ি। তাঁদের মতে, বিষয়টি অতিরঞ্জন করা হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এত বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা কম। তবে যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষক ওরিন এইচ পিলকি বলেছেন, ২১০০ সালের দিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পাঁচ ফুট বেড়ে যাওয়া বিচিত্র কিছু নয়। ওই পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের প্রস্তুত থাকা দরকার। দ্য নিউইয়র্ক টাইমস অনলাইন।