জাতিসংঘের মহাসচিব বান কি মুন পাকিস্তানে দ্রুত ত্রাণ পৌঁছাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার পাকিস্তান সফরে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশটির দুই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠক এবং বন্যাকবলিত এলাকা পরিদর্শনের উদ্দেশে পাকিস্তান বিমানবাহিনীর একটি বিমানে চড়ে গতকাল দুপুরের আগেই ছাকলালা বিমান ঘাঁটিতে পৌঁছান বান কি মুন।বান বলেন, ‘দুর্দশাগ্রস্ত মানুষের জন্য ত্রাণ কার্যক্রম জোরদার করতে আন্তর্জাতিক বিশ্বের কাছে আহ্বান জানাতেই আমি পাকিস্তানে এসেছি।’ তিনি বলেন, ‘আমি পাকিস্তানের এই দুর্যোগের বিষয়টি জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্থাপন করে দেশটির জন্য প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়ার চেষ্টা করব। পাকিস্তানবাসীকে মনে রাখতে হবে, এই দুর্যোগের দিনে গোটা বিশ্বই তাদের পাশে আছে।’পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত জেলার মিঙ্গোরায় জাতিসংঘের পক্ষ থেকে কলেরায় আক্রান্ত প্রথম একজনকে শনাক্ত করার পরের দিন দেশটি সফরে এলেন বান কি মুন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মুখপাত্র মাউরিজিও জিউলিয়ানো বলেন, অন্তত ৩৬ হাজার মানুষ ডায়রিয়ায় ভুগছে। বন্যাকবলিত এলাকার মানুষ প্রয়োজনীয় সরকারি ত্রাণ পাচ্ছে না। যেসব ত্রাণসামগ্রী আসছে, সেগুলোর অধিকাংশই লুটপাট হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেছেন।বন্যার পানি জনবহুল সিন্ধু প্রদেশ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নতুন করে হুমকি সৃষ্টি করছে। বন্যাপরবর্তী পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে ৪৬ কোটি ডলার সাহায্যের আবেদন জানিয়েছে জাতিসংঘ। কিন্তু ত্রাণ সংস্থাগুলো বলছে, প্রয়োজনের তুলনায় এই অর্থ অপ্রতুল। জাতিসংঘ বলছে, এই দুর্যোগে এক হাজার ৬০০ লোক প্রাণ হারিয়েছে। তবে ইসলামাবাদ এক হাজার ৩৪৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেন, অবকাঠামো ও অর্থনীতির বিপুল ক্ষতি পাকিস্তানকে পিছিয়ে দিতে পারে। বন্যায় ফসলের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিশ্লেষকেরা বলেছেন, কৃষি ক্ষতির পরিমাণ নিরূপণ করা এখন কঠিন। আন্তর্জাতিক সংগঠন দ্য ক্রপস প্রটেকশন অ্যাসোসিয়েশন বলছে, শুধু তুলা চাষে ক্ষতি হয়েছে ১৮০ কোটি ডলারের। কৃষি কর্মকর্তারা বলছেন, ১৭ মিলিয়ন কৃষিজমি এখন পানির নিচে। এএফপি/রয়টার্স/আল-জাজিরা।