সিরিয়ার সংঘাতপূর্ণ স্থানগুলোতে গতকাল বুধবার জাতিসংঘের পর্যবেক্ষকেরা তৎপরতা শুরু করেছেন। জাতিসংঘ ও আরব লিগের দূত কফি আনানের উদ্বেগ সত্ত্বেও পর্যবেক্ষকেরা কাজ শুরু করেন। এরই মধ্যে কফি আনান দেশটিতে দ্রুত শক্তিশালী পর্যবেক্ষণ মিশন পাঠানোর আহ্বান জানিয়েছেন।সিরিয়ায় অস্ত্রবিরতির পরও সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় কফি আনান উদ্বেগ প্রকাশ করেন। মঙ্গলবার টেলিকনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় আনান বলেন, সিরিয়ার শহরগুলোতে জাতিসংঘ পর্যবেক্ষকদের সফরের পর সহিংসতা অসহনীয় মাত্রায় বেড়ে গেছে।লন্ডনভিত্তিক সিরিয়ার মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মঙ্গলবার রাজধানী দামেস্কর কেন্দ্রস্থলে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। এদিন সিরিয়াজুড়ে ছয়জন বেসামরিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন দামেস্কে, চারজন শহরতলি দুমায় ও একজন হোমস শহরে নিহত হয়।সিরিয়া কর্তৃপক্ষ দামেস্কে বোমা বিস্ফোরেণের জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’কে দায়ী করেছে। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, বিস্ফোরণের পেছনে সরকারের হাত রয়েছে।১২ এপ্রিল অস্ত্রবিরতি কার্যকরের পর থেকে সিরিয়ায় সহিংসতায় প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছে। কফি আনানের প্রস্তাবিত ছয় দফা শান্তি পরিকল্পনা মেনে নিয়ে অস্ত্রবিরতিতে সম্মত হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার ও বিরোধী পক্ষ।জাতিসংঘ সিরিয়ায় পর্যবেক্ষকের সংখ্যা বাড়িয়ে ৩০০ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কফি আনান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যে প্রত্যাশা করছে, সিরিয়ার বাস্তব পরিস্থিতি তার একেবারেই বিপরীত।কফি আনান বলেন, জাতিসংঘের পর্যবেক্ষকদের পরিদর্শনের পরও হামা শহরে ঢুকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘বেশ কয়েকজনকে’ হত্যা করেছে—এ ধরনের খবর সত্য হয়ে থাকলে তা কোনোভাবেই গ্রহণ করা যায় না এবং এটা তিরস্কারের যোগ্য।দামেস্কভিত্তিক সিরিয়ান লিগ ফর হিউম্যান রাইটস বলেছে, হামা শহরের আরবাইন নামক জায়গার পার্শ্ববর্তী এলাকায় সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।এদিকে জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি সুসান রাইস এক সংবাদ সম্মেলনে বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা চান সিরিয়ায় দ্রুত পর্যবেক্ষক মোতায়েন করা হোক। সদস্যদের প্রত্যাশা, এক মাসের মধ্যে অন্তত ১০০ পর্যবেক্ষক সিরিয়ায় যাক।কফি আনানের মুখপাত্র আহমেদ ফাওজিও স্বীকার করেন, সিরিয়ায় ১৩ মাসের সহিংসতা বন্ধের লক্ষ্যে যে অস্ত্রবিরতির পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ‘একেবারেই নাজুক’ অবস্থায় রয়েছে। এএফপি।