দ্রুত সরকার গঠনে তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে রাজনৈতিক বিভাজন চরমে। এই সুযোগে সুন্নি জঙ্গিরা একের পর এক অঞ্চল দখল করছে। এমন প্রেক্ষাপটে নতুন একটি সরকার গঠনই কেবল পরিস্থিতি সামাল দিতে পারে বলে সাধারণ ইরাকিরা মনে করেন। এত দিন রাজনীতিকেরা বিষয়টিকে পাত্তা না দিলেও এখন তাঁরা একসঙ্গে বসতে রাজি হয়েছেন। আগামী রোববার নতুন সরকার গঠন-প্রশ্নে আইনপ্রণেতারা বসছেন। খবর এএফপির।
ইরাকের আইনপ্রণেতারা প্রাথমিকভাবে বলেছিলেন, মতপার্থক্যের জের ধরে তাঁরা পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ অধিবেশন এক মাসের জন্য মুলতবি রাখবেন। ওই অবস্থান থেকে সরে আসার ব্যাপারে আইনপ্রণেতাদের কিসে সুমতি হলো, তা স্পষ্ট নয়। তবে ওই বিলম্ব নিয়ে যে সাধারণ ইরাকিরা এবং বিশ্বনেতারা ক্ষুব্ধ, তা একেবারে সুস্পষ্ট।
এক মাসের বেশি সময় ধরে চলা রাজনৈতিক সংকটের মাশুল এরই মধ্যে ইরাককে গুনতে হয়েছে। এরই মধ্যে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ চলে গেছে জিহাদিদের হাতে। ওই অঞ্চলের হাজার হাজার মানুষকে বিতাড়িত করা হয়েছে। চলমান সংকট দেশটির প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিকে প্রচণ্ড চাপে ফেলেছে।
ইরাকের পার্লামেন্টে গত সপ্তাহের উদ্বোধনী অধিবেশনটি ছিল প্রহসনমূলক। ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে ওই অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী পার্লামেন্ট সদস্যরা স্পিকার নির্বাচনে ব্যর্থ হন। এমন প্রেক্ষাপটে তাঁরা ঘোষণা দেন, আগামী ১২ আগস্টের আগে তাঁরা আর বসছেন না। এর অর্থ, জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্টের তিন মাস পার হয়ে যাবে তখন। অথচ, সংবিধানে পার্লামেন্ট নির্বাচনের পর সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে একজন স্পিকারের পাশাপাশি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচন করতে বলা হয়েছে। গত ৩০ এপ্রিল দেশটির পার্লামেন্ট নির্বাচন হয়।
অবস্থা বুঝে আইনপ্রণেতারা এরই মধ্যে তাঁদের আগের অবস্থান থেকে সরে এসেছেন। পার্লামেন্টের অন্তর্বর্তী স্পিকার জানান, আগামী রোববার পার্লামেন্ট সদস্যদের পরবর্তী বৈঠক নির্ধারণ করা হয়েছে।
পার্লামেন্টের প্রথম বৈঠকে স্পিকার নির্বাচনে আইনপ্রণেতাদের ব্যর্থতায় যারপরনারই ক্ষুব্ধ সাধারণ ইরাকিরা। ইরাকের কিরকুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এশাম আল-বেইয়াতি বলেন, ‘ইরাকিরা এখন রক্তের সাগরের মধ্যে বাস করছে। পার্লামেন্টের অধিবেশন মুলতবির বিষয়টি ছিল তাদের জন্য একটা বিরাট ধাক্কা।’
বাগদাদের আবু মুসা নামের একজন মুদিদোকানি বলেন, ‘দর-কষাকষির জন্য পার্লামেন্টের অধিবেশন মুলতবি ইরাকি জনগণের সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা।’
ইরাকের সংবিধান অনুসারে, ৪৫ দিনের মধ্যে প্রথমে পার্লামেন্টের স্পিকার, এরপর প্রেসিডেন্ট ও সর্বশেষ প্রধানমন্ত্রী নির্বাচন করতে হয়। এর আগের নির্বাচনের পর সমঝোতা অনুযায়ী স্পিকারের পদটি সুন্নি, প্রধানমন্ত্রীর পদ শিয়া ও প্রেসিডেন্টের পদ কুর্দিদের দেওয়া হয়।