দড়িতে বাঁধা যে কচি প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দড়ির ওপর দিয়ে হাঁটছে বর্ষাতি। ছবি: এএফপি
দড়ির ওপর দিয়ে হাঁটছে বর্ষাতি। ছবি: এএফপি

মাটি থেকে ছয় ফুট উঁচুতে টানানো দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে সে। মাথায় দুটি ধাতব পাত্র রাখা। দুই হাতে আড়াআড়ি করে রাখা ভারসাম্য বজায় রাখার রঙিন একটি বাঁশ।
বর্ণনা শুনে কোনো দক্ষ দড়াবাজের ছবি ভেসে উঠতে পারে চোখে। হ্যাঁ, দড়াবাজই বটে। তবে মাটি থেকে এত উঁচুতে দুটি খুঁটিতে টানানো দড়ির ওপর কসরত দেখানো এই দড়াবাজ বড় কেউ নয়। নিতান্ত নয় বছরের এক শিশু। বর্ষাতি তার নাম।

মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় এভাবে দড়ির ওপর ভারসাম্য রেখে রকমারি কসরত দেখিয়ে এর মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে সে। কখনো খালি পায়ে দড়ির ওপর দিয়ে হেঁটে যায় বর্ষাতি, কখনোবা পায়ে থাকে চপ্পল, কখনো একটি চাকার ভেতর ঢুকে হেঁটে যায়, কখনো একপায়ে থাকে থালা। এভাবে একের পর এক দড়াবাজির কৌশল দেখিয়ে পথচারীদের মুগ্ধ করে সে। অথচ সার্কাসের সুদক্ষ দড়াবাজদের মতো তার কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। একবার পা ফসকে নিচে পড়লেই সর্বনাশ! পাঁচ বছর থেকে টানা এ কাজ করে আসছে বর্ষাতি। এ নিয়ে কোনো ভাবান্তর নেই তার।

দড়ির ওপর দিয়ে হাঁটছে বর্ষাতি। ছবি: এএফপি
দড়ির ওপর দিয়ে হাঁটছে বর্ষাতি। ছবি: এএফপি



ভারতের মুম্বাইয়ের একটি ছোট বস্তিতে থাকে বর্ষাতি। চাচা-চাচির সঙ্গে ট্রেনে করে আড়াই ঘণ্টা পথ পাড়ি দিয়ে সে যখন শহরে এসে নামে, তখন তাকে ঘিরে ছোটখাটো একটা জটলা জমে যায়। ইতিমধ্যে শহরে বেশ পরিচিত হয়ে গেছে বর্ষাতি।

তবে নিছক শখের বসে এই ঝুঁকিপূর্ণ কসরত দেখায় না বর্ষাতি। এর সঙ্গে তার ও পরিবারের জীবিকা জড়িত। এ জন্য দড়িতে বাঁধা পড়েছে জীবন। পর্যটন শহর হওয়ায় রাস্তার পাশে তার এই দড়াবাজি দেখে অনেকেই মুগ্ধ হয়। কেউ থালায় কিছু অর্থ দিয়ে যায়, কেউবা লোটে বিনে পয়সার বিনোদন। এর পরও বর্ষাতির থালায় প্রতিদিন জমা হয় দেড় থেকে দুই হাজার রুপি।

বর্ষাতির ভাষ্য, ‘দড়ির ওপর দিয়ে হাঁটা বা কসরত দেখানো আমার অভ্যাস হয়ে গেছে। এটা এখন কোনো ব্যাপার না। তা ছাড়া মানুষও খেলা দেখে এখন রুপি দিচ্ছে। এটা খুবই ভালো।’
বর্ষাতির চাচা ছোটু নাথ বলেন, ‘তাঁর মা ও দাদি দড়াবাজ ছিলেন। এটা এখন পারিবারিক পেশা হয়ে গেছে।’ ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই খেলায় ছোটদের তেমন কোনো ঝুঁকি থাকে না। ছোটবেলা থেকে এটা শিখে নেয় বলে দড়ি থেকে পড়ে যাওয়ারও কোনো আশঙ্কা থাকে না।’

ছোট্ট বর্ষাতি তার পাঁচ বছর বয়স থেকেই দড়ির ওপর দিয়ে হেঁটে পয়সা রোজগার করে। যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে সে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে আনন্দ দেয়। মানুষকে আনন্দ দিয়ে পয়সা রোজগার করে। অথচ ভারতসহ পৃথিবীর প্রায় সব দেশেই শিশুশ্রমের বিরুদ্ধে আইন আছে। কিন্তু নেই তার যথাযথ প্রয়োগ।
এ ব্যাপারে জানতে চাইলে বর্ষাতির চাচা ছোটু নাথ বার্তা সংস্থা এএফপির কাছে বলেন, বর্ষাতি স্কুলও যায়। তবে সেটা বর্ষাকালে কয়েক সপ্তাহের জন্য। বাকি সময়টা সে এভাবেই রোজগার করে।