ভারতের কেরালায় শ্রীপদ্মনাভস্বামী মন্দিরে ধনরত্ন রাখা সর্বশেষ কুঠুরি খোলার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছেন সে দেশের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভি রবীন্দ্রন এবং এ কে পাটনাইকের দ্বৈত বেঞ্চ গতকাল শুক্রবার এই আদেশ দেন।একই সঙ্গে মন্দিরের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে বিষয়ে সুপারিশ জানানোর জন্য ত্রিভাঙ্কুরের তৎকালীন রাজকুমার রাজা মারঠান্ডা ভার্মা ও কেরালার রাজ্য সরকারের প্রতি নির্দেশ দেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।ত্রিভাঙ্কুর রাজপরিবারের বংশধরেরা ট্রাস্ট মন্দিরটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত। তবে সম্প্রতি কেরালার রাজ্য সরকার মন্দিরের ব্যবস্থাপনার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে রিট করে রাজপরিবার।শ্রীপদ্মনাভস্বামী মন্দিরের ভূগর্ভস্থ পাঁচটি কুঠুরিতে সম্প্রতি স্বর্ণ, রৌপ্য, মূল্যবান পাথর, স্বর্ণমুদ্রাসহ প্রায় ৫০ হাজার কোটি রুপির ধনরত্নের সন্ধান পাওয়া যায়। ত্রিভাঙ্কুরের রাজা কয়েক শ বছর আগে মন্দিরটি নির্মাণ করেছিলেন। এর পর থেকে ভক্তদের দেওয়া মূল্যবান উপহারসামগ্রী ভূগর্ভস্থ ওই সব কুঠরিতে রাখা হতো।গতকালের শুনানিতে ত্রিভাঙ্কুরের তৎকালীন রাজকুমারের আইনজীবী কে কে ভেনুগোপাল বলেন, এটি জনগণের মন্দির। রাজপরিবারের কোনো সদস্য ওই বিপুল ধনরত্নের মালিকানা দাবি করেনি। টাইমস অব ইন্ডিয়া।