ধরনায় বসেছেন শিলিগুড়ির মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিলিগুড়ি পৌর করপোরেশনের মেয়র অশোক ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বঞ্চনা ও আর্থিক অবরোধের অভিযোগ তুলে কলকাতার মেট্রো চ্যানেলে অবস্থান ধর্মঘট করেন। ছবি: ভাস্কর মুখার্জি
শিলিগুড়ি পৌর করপোরেশনের মেয়র অশোক ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বঞ্চনা ও আর্থিক অবরোধের অভিযোগ তুলে কলকাতার মেট্রো চ্যানেলে অবস্থান ধর্মঘট করেন। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পৌর করপোরেশনের বাম দলের মেয়র অশোক ভট্টাচার্য গতকাল শুক্রবার দুপুরে কলকাতার মেট্রো চ্যানেলে অবস্থান ধর্মঘট বা ধরনায় বসেন। রাজ্য সরকারের বঞ্চনা ও আর্থিক অবরোধের অভিযোগে তিনি এই কর্মসূচি বেছে নিয়েছেন। অশোক ভট্টাচার্যের দাবি, শিলিগুড়ি পৌরবাসীর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার অগণতান্ত্রিক ও অসাংবিধানিক আচরণ করে আর্থিক অবরোধ তৈরি করেছে।

পৌর করপোরেশন বাম শাসিত হওয়ায় রাজ্য সরকার করপোরেশনের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে।

শিলিগুড়ির মেয়র অভিযোগ করেন, রাজ্য সরকার তাঁদের পাওনা অর্থ ছাড়ছে না। কেন্দ্র থেকে প্রাপ্ত অর্থও দিচ্ছে না। রাজ্য সরকারের কাছে শিলিগুড়ি পৌর করপোরেশনের পাওনা ১ হাজার ৪০০ কোটি রুপি। ওই অর্থের দাবিতে তিনি ধরনায় বসেছেন। ধরনায় যোগ দিয়েছেন শিলিগুড়ির পৌর করপোরেশনের কাউন্সিলরসহ কংগ্রেসের বিধায়কেরাও।

পশ্চিমবঙ্গের একমাত্র পৌর করপোরেশন হিসেবে শিলিগুড়ি হাতে রয়েছে বাম দল এবং কংগ্রেস জোটের।

ধরনার সময় শিলিগুড়ির মেয়র পশ্চিমবঙ্গের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেন। ফিরহাদ হাকিম বলেছেন, প্রথম পর্যায়ে তাঁদের ৩০ কোটি রুপি দেওয়া হবে। বাকি টাকা পরে দেওয়া হবে। এ ঘোষণার পর শিলিগুড়ির কাউন্সিলর ও নেতারা ছুটে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কাছে অভিযোগ জানান।

এ প্রসঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন, এর আগে বিরোধী দলের কাছে পৌর করপোরেশন থাকলেও বামফ্রন্ট সরকার আর্থিক বরাদ্দের ক্ষেত্রে বাছবিচার করেনি। তৃণমূল ক্ষমতায় এসে বাম দলকে সে সুযোগ দিচ্ছে না। এভাবে চললে ভবিষ্যতে আন্দোলন হবে।

এর আগে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর কেন্দ্রীয় সরকারের আঘাত হানার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৩ ফেব্রুয়ারি রাতে কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন।