
থাইল্যান্ডের ব্যাংককে মন্দিরে বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহভাজন হামলাকারী ধরা পড়েছে বলে দাবি করেছে থাইল্যান্ডের পুলিশ। ধরা পড়া ব্যক্তি একজন বিদেশি নাগরিক বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি ও গার্ডিয়ানের।
১৭ আগস্ট ব্যাংককের ইরাওয়ান ব্রহ্মা মন্দিরে বোমা বিস্ফোরণে ১১ জন বিদেশিসহ ২০ জন নিহত হয়। ব্যাংককের উত্তরের নন চোক এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।
থাইল্যান্ড পুলিশের মুখপাত্র প্রাউত থাভারোনসিরি বলেন, ‘আমরা যাকে খুঁজছিলাম, ধৃত ব্যক্তি একদম তারই মতো। তার কাছ থেকে বোমা বানানোর প্রচুর উপাদান পাওয়া গেছে।’ ধরা পড়া ব্যক্তি বিদেশি নাগরিক বলে জানিয়েছেন প্রাউত। তবে তিনি তুরস্কের নাগরিক কি না, তা বলতে অস্বীকৃতি জানান তিনি।
হামলার পর ওই মন্দিরের নিরাপত্তায় রাখা সিসিটিভি ফুটেজে এক হলুদ টি-শার্ট পরা তরুণকে পিঠের ব্যাগ রেখে চলে যেতে দেখা যায়। ওই তরুণ ব্যাগ রেখে যাওয়ার পরপরই বিস্ফোরণ ঘটে। এ পর্যন্ত পাওয়া প্রমাণের মধ্যে এই ভিডিও ফুটেজকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ফুটেজ প্রকাশের পরদিনই পুলিশ সন্দেহভাজন ওই তরুণের একটি স্কেচ প্রকাশ করে। হালকাপাতলা গড়নের তরুণটির চুল কালো, চোখে ছিল কালো ফ্রেমের চশমা। তরুণের এই স্কেচটি থাইল্যান্ডজুড়ে ব্যাপকভাবে প্রচার করা হয়। রাস্তার পাশের বিলবোর্ডেও এই ছবি স্থান পায়।