ধর্মঘটে পিয়ারসন বিমানবন্দরের কর্মীরা
কানাডার টরন্টোর ব্যস্ততম বিমানবন্দর পিয়ারসনের ৭০০ গ্রাউন্ড কর্মী বেতন-ভাতার দাবিতে ধর্মঘট করছেন। গত ৩০ জুলাই ছিল তাদের ধর্মঘটের প্রথম দিন। নিয়োগকারী প্রতিষ্ঠান সুইসপোর্টের বেতন-ভাতা কর্তনের ঘোষণার পরিপ্রেক্ষিতে গত ২৭ জুলাই ৭০০ গ্রাউন্ড কর্মী একযোগে ধর্মঘটের ডাক দেন।
কর্মীদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানিয়েছে সুইসপোর্ট। টরন্টোয় সুইসপোর্টের ভাইস প্রেসিডেন্ট পিয়েরে পায়েত্তে সিবিসিকে বলেন, বিমানবন্দরের ভেতরে বাইরে যাত্রীদের মালামাল আনা-নেওয়ায় কোনো ধরনের ব্যাঘাত হয়নি। কোনো ধরনের বিলম্বও হয়নি ধর্মঘটের কারণে।
তবে ধর্মঘটে থাকা কর্মীরা ভিন্ন তথ্য উপস্থাপন করছে বলে জানিয়েছে সিবিসি। তারা জানান, এরই মধ্যে পিয়ারসন বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে মালপত্র ওঠানো-নামানোয় অনেকখানি বিলম্ব হয়েছে। এমনকি ফ্লাইট বিলম্বে ছাড়ার ঘটনাও ঘটেছে।