ধর্মীয় পুলিশ বাহিনীর ক্ষমতা খর্ব করছে সৌদি সরকার
সৌদি সরকার দেশটির ধর্মীয় পুলিশ বাহিনী ‘কমিশন ফর দ্য প্রমোশন অব ভার্চু অ্যান্ড প্রিভেনশন অব ভাইস’-এর ক্ষমতা কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে। বাহিনীটির প্রধান শেখ আবদুল লতিফ আবদেল আজিজ আল-শেখ এ কথা জানান। গত বছর মধ্যপ্রাচ্যজুড়ে ‘আরব বসন্ত’ (আরব জাগরণ) শুরুর পর দেশটিতে যেসব সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, তার মধ্যে এই ধর্মীয় পুলিশের ক্ষমতা খর্বের সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। ধর্মীয় পুলিশের এই বাহিনীকে আরবিতে ‘হা ইয়া’ বলা হয়। বাহিনীর প্রধান শেখ আবদেল লতিফ বলেন, ধর্মীয় পুলিশের গ্রেপ্তার ও সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের ক্ষমতা নিয়মিত পুলিশ বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তা ছাড়া ঊর্ধ্বতনের অনুমতি ছাড়া তারা কোনো বাড়িতে অভিযানও চালাতে পারবে না।সৌদি বাদশা আবদুল্লাহর আত্মীয় শেখ আবদুল লতিফ। তাঁর নেতৃত্বাধীন এই বাহিনীর একজন সদস্য সম্প্রতি নেইলপলিশ পরা এক সৌদি নারীকে একটি শপিংমল থেকে বের হয়ে যেতে নির্দেশ দেন। তখন দুই পক্ষের মধ্যে চলা বাগিবতণ্ডার দৃশ্যটি ওই নারী মুঠোফোনে ধারণ করে ইউটিউবে ছেড়ে দেন। এর পরই বাহিনীটি কঠোর সমালোচনার মুখোমুখি হয়। আরব জাগরণের পর কট্টোর ধর্মীয় বিধান মেনে চলা দেশটির বাদশা আবদুল্লাহ বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেন। এই গ্রীষ্মে প্রথমবারের মতো অলিম্পিক গেমসেও অংশ নেন সৌদি নারী অ্যাথলেটরা। দ্য টেলিগ্রাফ।