ধর্মীয় সংঘাত বন্ধে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। একই সঙ্গে তাঁরা ইসলামকে হেয় করে যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রের নিন্দা জানিয়েছেন। তাঁরা বলেন, বাক্-স্বাধীনতাকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করতে হবে।ইসলামী রাষ্ট্রগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীরা এই দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, যেসব কর্মকাণ্ড ধর্মকেন্দ্রিক সহিংসতা, বৈষম্য ও ঘৃণা ছড়ায়, তা বন্ধে সারা বিশ্বের সরকারগুলোকে সঠিক পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আইন প্রণয়ন করতে হবে।গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের বাইরে ওআইসি নেতারা এক বৈঠকে মিলিত হন। সেখানে তাঁরা ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে চলচ্চিত্রটিকে কেন্দ্র করে লিবিয়ায় চার মার্কিন কূটনীতিককে হত্যার ঘটনারও নিন্দা জানান তাঁরা।পরে ওআইসির নেতারা এক বিবৃতিতে মুসলমানদের বিরুদ্ধে অসহিষ্ণুতা, বৈষম্য, গৎবাঁধা বিশ্বাস, অপবাদ, সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের নিন্দা জানান। তাঁরা হজরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণ ও ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে ইসলাম ধর্মের অবমাননারও নিন্দা জানান। তাঁরা বলেন, ইসলামবিরোধী এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বীকৃত ধর্মীয় ও বিশ্বাসের স্বাধীনতার লঙ্ঘন। তা ছাড়া এ ঘটনা সারা বিশ্বের মুসলমানদের গভীরভাবে আহত করেছে। মুসলিম নেতারা বলেন, ‘আমরা বাক্-স্বাধীনতার গুরুত্ব মানছি। কিন্তু একই সঙ্গে এ-ও বলছি, এই স্বাধীনতা আন্তর্জাতিক মানবাধিকার-সংশ্লিষ্ট আইন মেনে এবং দায়িত্বের সঙ্গে চর্চা করা উচিত। ধর্মীয় বিদ্বেষ, বৈষম্য ও সহিংসতাকে উসকে দেওয়ার বিপজ্জনক পরিণতি সম্পর্কে বৈশ্বিক সচেতনতা সৃষ্টি করতে হবে।’ বিতর্কিত চলচ্চিত্রটির নির্মাতা নাকুলা বাসেলি নাকুলা গত বৃহস্পতিবার লস এঞ্জেলেসে অপর একটি মামলায় গ্রেপ্তার হন। ২০১০ সালে ব্যাংক জালিয়াতির এক মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। নজরদারিতে থাকার শর্তে ওই মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছিল। শর্ত ভঙ্গের দায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া তাঁর ভাষণে ইসলামকে অবমাননাকারী চলচ্চিত্রটির নিন্দা জানান। পাশাপাশি তিনি বাক্-স্বাধীনতার পক্ষেও কথা বলেন। এ সময় কয়েকজন মুসলিম নেতা ধর্মীয় হামলা বন্ধে আন্তর্জাতিক আইন প্রণয়নেরও দাবি জানান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্মীয় অনুসারীদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এর পরিণতি হবে ভয়াবহ।’ তিনি বলেন, ‘সময় এসেছে সব ধর্ম ও তাদের অনুসারীদের অবমাননা করার ঘটনাকে ঘৃণ্য অপরাধ হিসেবে গণ্য করার। আমাদের এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’ রয়টার্স।