ধর্মীয় মৌলবাদ নির্মূলে পোপের আহ্বান
পোপ ষোড়শ বেনেডিক্ট ধর্মীয় মৌলবাদ নির্মূলে খ্রিষ্টান, মুসলমান ও ইহুদিদের প্রতি আহ্বান জানিয়েছেন। লেবাননে তাঁর তিন দিনের সফরের প্রথম দিনে তিনি এ আহ্বান জানান।১৫ বছরের মধ্যে প্রথম কোনো পোপ লেবানন সফরে গেলেন। পোপ বেনেডিক্ট তাঁর এ সফরে দেশটির রাজনীতিবিদ ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, যাঁদের অনেকেই সিরিয়ার সহিংসতার বিষয় নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রে নির্মিত ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্রে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে অবমাননা করায় যখন মধ্যপ্রাচ্য ও এশিয়াজুড়ে বিক্ষোভ চলছে, সে সময় তিনি এ সফর করছেন। পোপ বেনেডিক্ট বলেন, ধর্মীয় মৌলবাদ রাজনৈতিক স্বার্থে ক্ষমতা গ্রহণ করতে চাইছে। এ কারণে সহিংসতা ও ধর্মকে ব্যবহার করা হচ্ছে। এদিকে বৈরুত বিমানবন্দরে পোপ বেনেডিক্টকে অভ্যর্থনা জানান দেশটির প্রেসিডেন্ট সুলায়মান। এ সময় তিনি সুলায়মানকে বলেন, তিনি শান্তির তীর্থযাত্রী হিসেবে এ সফর করছেন। বিবিসি।