ধর্মীয় মৌলবাদই মিয়ানমারকে অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সামরিক জান্তার ক্ষমতা ছাড়ার দুই বছরের মাথায় দেশটি বৌদ্ধ ও মুসলমানদের দাঙ্গায় উত্তাল হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, চরমপন্থী ভিক্ষুদের মধ্যে মুসলিমবিদ্বেষী মনোভাব থেকে সৃষ্ট ধর্মীয় চরমপন্থার কারণেই দেশটিতে এ পরিস্থিতি তৈরি হয়েছে।গত ২০ মার্চ মধ্য মিয়ানমারের মিকতিলা শহরে একটি সোনার দোকানে কথা-কাটাকাটির জের ধরে দাঙ্গা বাধে। এর পর থেকেই দল বেঁধে বন্দুকধারীরা মধ্য মিয়ানমারের একের পর এক শহরে হামলা করে মসজিদ ও মুসলমানদের ঘরবাড়ি ধ্বংস করছে। এ সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে ৪৩ জন।প্রত্যক্ষদর্শীদের মতে, ১৫ দিন ধরে এই সহিংসতা চলছে। তাই এটি পরিকল্পিত বলে মনে করেন তাঁরা।আন্তর্জাতিক সংকটবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের থিংক ট্যাংক ও মিয়ানমার বিশেষজ্ঞ জিম ডেলা-জিয়াকোমা এএফপিকে বলেন, কিছু দালাল (এজেন্ট) দেশজুড়ে মুসলিমবিদ্বেষী এজেন্ডা নিয়ে কাজ করছে, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। এদের মধ্যে কিছু প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুও আছেন, যাঁরা অসহিষ্ণুতা ও মুসলিমবিদ্বেষী মনোভাব প্রচার করছেন।অনেকে মুসলমানদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান পরিহার করে বৌদ্ধদের মালিকানাধীন দোকান ব্যবহারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। বৌদ্ধ মালিকানাধীন প্রতিষ্ঠান চিহ্নিত করতে তাঁরা ‘নাইন সিক্স নাইন’ (নয় ছয় নয়) লেখা স্টিকার ব্যবহার করছেন। এটি তাঁদের আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে।মান্দালয়া অঞ্চলের মুসলিমবিদ্বেষী এক বৌদ্ধ ভিক্ষু বলেন, ‘শত্রুদের হাতে লাভ চলে গেলে আমাদের জাতীয়তা, ভাষা ও ধর্ম সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি বলেন, শুধু বাঙালিদের (দেশটিতে রোহিঙ্গাদের অনেকেই বাঙালি বলেন) চিহ্নিত করা হচ্ছে, কারণ তারা রাখাইনদের (বৌদ্ধ) ভয়ভীতি দেখাচ্ছে।ইয়াঙ্গুনে আয়োজিত শান্তির জন্য ‘মিয়ানমারের জন্য প্রার্থনা’ শীর্ষক আয়োজনের সহসংগঠক মানবাধিকারকর্মী থেট সু উন বলেন, একদল খারাপ মানুষের সৃষ্ট এই সহিংসতা প্রতিহত করতে হবে।এদিকে জাতিসংঘের মিয়ানমারের মানবাধিকার-সংক্রান্ত দূত টমাস ওজিয়া কুইনতানা অভিযোগ করেন, নিরাপত্তা বাহিনী দাঙ্গাবাজদের ওপর কঠোর পদক্ষেপ নিচ্ছে না।দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন গত বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, রাজনৈতিক সুযোগসন্ধানী ও ধর্মীয় চরমপন্থীদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। মিয়ানমার বিশেষজ্ঞ ডেলা-জিয়াকমো এ প্রসঙ্গে এএফপিকে বলেন, সু চিকে প্রকাশ্যে তাঁর মতামত দিয়ে দেশটির জনগণকে শান্তি ও সহিষ্ণুতার পথে আনতে হবে। এএফপি।